প্রবাদপ্রতীম ফুটবলার তথা মোহনবাগান রত্ন চুনী গোস্বামী শারীরিক অসুস্থতার কারণে সোমবার রাতে ভর্তি হয়েছেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে।
ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ওষুধ দেওয়া হয়েছে। তাতে অ্যান্টিবায়োটিকের ডোজও রয়েছে। চুনী হাসপাতালে ভর্তি শুনে ফুটবলার তথা আর এক মোহনবাগান রত্ন সুব্রত মুখোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছেন। নবান্ন থেকেও ফোন করে চুনী গোস্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।
আগামী ১৫ জানুয়ারি ৮১ বছর পূর্ণ করবেন চুনী। স্ট্রাইকার হিসাবে ৫০টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচও খেলেছেন। ঘরোয়া লিগে মোহনবাগানের হয়ে সবচেয়ে সফল তিনি। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার, ১৯৮৩ সালে পদ্মশ্রী ও ২০০৫ সালে মোহনবাগান রত্ন পুরস্কার পেয়েছেন চুনী গোস্বামী।