
দশ মাসের খরা
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি। পরের দশ মাস লাল বলের ক্রিকেটে আর তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে সেই খরা কাটালেন ভিকে।

স্টিভ স্মিথকে ধরে ফেললেন
ইংল্যান্ডে কয়েক মাস আগে শেষ হওয়া অ্যাসেজ সিরিজে তিনটি শতরান (একটি দ্বিশতরান) আসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথের ব্যাট থেকে। সবমিলিয়ে টেস্টে ২৬ বার তিন অঙ্কের ঘরে পৌঁছন প্রাক্তন অজি অধিনায়ক। স্মিথের থেকে এক কদম পিছিয়ে ছিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে সেই ব্যবধান ঘোঁচালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ইনজামামকে টপকালেন বিরাট
টেস্টে ২৫টি শতরানের মালিক পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে পাক লেজেন্ডকে টপকে গেলেন বিরাট কোহলি।

বেঙ্গসরকারের আগে
টেস্টে মোট রান সংখ্যার নিরিখে ভারতের ক্রিকেটীয় লেজেন্ড দিলীপ বেঙ্গসরকারকে (৬৮৬৮ রান) টপকে গেলেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অধিনায়কের সামনে ভারতীয়দের মধ্যে এখন কেবল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহবাগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

শতরানের সংখ্যা
টেস্ট শতরানের নিরিখে অনেকটা পিছিয়ে থাকলেও ক্রিকেটের দুই ফর্ম্যাটে সবচেয়ে বেশিবার তিন অঙ্কের ঘরে পৌছনো ক্রিকেটারের তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি (৬৯টি শতরান)। সামনে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (১০০টি শতরান) ও প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান রিকি পন্টিং (৭১টি শতরান)।

চালকের আসনে ভারত
পুনের টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ৩৫৬। ১৮৩ বলে ১০৪ রানে অপরাজিত কোহলি। ৫৮ রানে খেলছেন অজিঙ্ক রাহানে।


Click it and Unblock the Notifications



















