নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে স্কোয়াশ ফাইনালে পৌঁছলেন সৌরভ ঘোষাল। সিঙ্গলসে এই প্রথম কোনও ভারতীয় পৌঁছলেন ফাইনালে।
বাঙালি খেলোয়াড় সৌরভ ঘোষাল ১১-৯, ১১-৪, ১১-৫ সেটে হারিয়ে দেন তাঁর প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার ওং বেন হি-কে। যদি তিনি ফাইনালে জিতে সোনা আনতে না-ও পারেন, তবুও রানার্স আপ হিসাবে একটা রুপোও তিনি পাবেন। সেটাও হবে দেশের কাছে গর্বের।
ফাইনালে উঠতে ওং বেন হি-র সঙ্গে অন্তত ৪৫ মিনিট ধরে লড়তে হয়েছে সৌরভকে। প্রসঙ্গত, ওং বেন হি কিন্তু যথেষ্ট কঠিন ঠাঁই ছিলেন। ২০০২ সালে বুসান এবং ২০০৬ সালে দোহাতে এশিয়ান গেমসে তিনি স্কোয়াশ সিঙ্গলসে সোনা জিতেছিলেন। ২০১০ সালে গুয়াংঝৌতে জিতেছিলেন ব্রোঞ্জ।
মহিলাদের সিঙ্গলসে হেরে গিয়েছেন ভারতের দীপিকা পল্লিকল। তিনি সেমি ফাইনালে হেরে ব্রোঞ্জ পেয়েছেন।