
কুলিং-অফ
লোধা প্যানেলের তৈরি সংবিধানে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি রাজ্য ক্রিকেট সংস্থা ও বিসিসিআই-র গভর্নিং বডিতে পরপর দুই বার নির্বাচিত হন, তবে তাঁকে বাধ্যতামূলক ভাবে তিন বছরের জন্য বিরতি নিতে হবে। সেই নিয়মে বিসিসিআই-র বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, এই পদে আর ৯ মাস থাকতে পারবেন। কারণ বোর্ড সভাপতি হওয়ার আগে তিনি পাঁচ বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবি প্রধানের দায়িত্ব পালন করেছেন। রবিবারের বৈঠকে সেই নিয়ম পরিবর্তন করা হতে পারে।

বয়স বালাই
৭০ বছর ও তার বেশি বয়সের কোনও ব্যক্তি বিসিসিআই কিংবা রাজ্য ক্রিকেট সংস্থার কোনও পদাধিকারে থাকবেন কিনা, তাও এদিনের বৈঠকে ঠিক হতে পারে বলে সূত্রের খবর।

সিএসি সদস্য নির্বাচন
বিসিসিআই-র আজকের বৈঠকের পর সুপ্রিম কোর্ট গঠিত ভারতীয় দলের প্রধান নির্বাচনকারী ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি আর ততটা শক্তিশালী থাকবে না বলেই মনে করা হচ্ছে। নতুন সিএসি সদস্য নির্বাচনে দেরি হতে পারে। সেক্ষেত্র জাতীয় নির্বাচকের নির্বাচনের প্রক্রিয়াও বিলম্বিত হতে পারে বলে সূত্রের খবর।

স্বার্থের সংঘাত
ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি-তে থাকার সময় স্বার্থের সংঘাতে (একই ব্যক্তির একাধিক পদ) জড়িয়েছিলেন বিসিসিআই-র বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একই অভিযোগ উঠেছিল লেজেন্ড সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধেও। সেই নিয়মও কোনও ভাবে লঘু করা যায় কিনা, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর।


Click it and Unblock the Notifications


















