প্রাণঘাতী করোনায় মৃত্যু প্রাক্তন ফুটবলারের। ইংল্যান্ড ও লিডস ইউনাইটেডের প্রাক্তন ডিফেন্ডার নর্ম্যান হান্টারের করোনার কারণে মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে হান্টারের বয়স ছিল ৭৬ বছর। জানা গিয়েছে কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে গত সপ্তাহে প্রাক্তন এই ফুটবলার হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁকে বাঁচানোর জন্য ডাক্তাররা সবরকম চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ব্রিটিশ ফুটবলে শোকের ছায়া।
নর্ম্যান হান্টারের মৃত্য়ুতে লিডস ক্লাবের পক্ষ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে। শোকবর্তায় ক্লাবের পক্ষ থেকে লেখা হয় 'লিডস ইউনাইটেড পরিবারের অংশ ছিলেন হান্টার। ক্লাবের ইতিহাসে তাঁদের অবদান অনস্বীকার্য। ক্লাবের দারুণ ঐতিহ্য রেখে গেলেন হান্টার। শোকস্তব্ধ নর্ম্যানের পরিবারকে সমবেদনা জানানো হচ্ছে। ক্লাব সবসময় ওঁর পরিবারের পাশে রয়েছে' যোগ করা হয়েছে, 'ওঁর মৃত্যুতে লিডস পরিবারে গভীর শূন্যতার সৃষ্টি হল।'
দীর্ঘ ১৫ বছরের ফুটবল জীবনে লিডসের হয়ে হান্টার ৭২৬টি ম্যাচ খেলেছিলেন। লিডস ক্লাবের হয়ে দুবার প্রথম ডিভিশন লিগ জিতেছেন তিনি। এ ছাড়া তাঁর দারুণ পারফরম্যান্সে ভর করে লিগ কাপ ও এফএ কাপ ফাইনালে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিডস। ১৯৬৬ বিশ্বকাপে টিমে থাকলেও অবশ্য একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি হান্টার।