এবারের মহিলা বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে মাইলস্টোন তো বটেই মাইলস্টোন বিশ্ব ক্রিকেটেও। মহিলা ক্রিকেট যে এই পরিমাণ দেখা হয় তাতে চমকে গেছেন সকলেই। রবিবার লর্ডসের মাঠ ভরা সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন ইংল্যান্ড-ভারত দু'দলের অধিনায়কই।
এবার সেই পথে একধাপ এগিয়ে মহিলাদের ক্রিকেটেও আইপিএল শুরু করার আর্জি জানালেন মিতালি রাজ। ছেলেদের আইপিএল পায়ে পায়ে দশ মরশুম পেরিয়েছে। মিতালির দাবি মহিলা ক্রিকেটাররা যে পারফরমেন্স দেখিয়েছন তাতে মহিলাদের আইপিএল শুরু করা উচিত ভারতীয় বোর্ডের।
ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে যায় ভারত। ১৯১ রানে ৩ উইকেট থেকে ২১৯ -এ গুটিয়ে যায় ভারতীয় দল। মিতালির বক্তব্য অনভিজ্ঞতার কারণেই হেরে যায় ভারতীয় দল। বিগ ব্যাশ খেলে বিদেশি ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছেন। ভারতীয় মেয়েরা যদি আইপিএলে খেলে তাহলে তাঁরাও নিজেদের পরিণত ক্রিকেটার হিসেব তৈরি করে নিতে পারবেন। মিতালি বলেছেন, 'আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে বলব এই মুহূর্তে মহিলাদের আইপিএল শুরু করা উচিত। সেটাই শক্ত ভিত তৈরি করে দেবে।'
এদিকে ভারতীয় মহিলা দলের পারফরমেন্সকে স্বীকৃতি দেওয়ার জন্য বিসিসিআই মহিলা দলের প্রতি ক্রিকেটারের জন্য ৫০ লক্ষ টাকা, ও সাপোর্ট স্টাফদের ২৫ লক্ষ টাকা করে দিচ্ছে। একই সঙ্গে আইসিসি-র বিশ্বকাপের ড্রিম ইলেভেনে অধিনায়ক হয়েছেন মিতালি রাজ। আরও জায়গা পেয়েছেন দীপ্তি শর্মা ও হরমনপ্রীত কউর।
Proud of my team's performance & thank all d supporters. We've received a lot of love & incredible support for girl's cricket in 🇮🇳 #WWC17 pic.twitter.com/KDuzhuNtKp
— Mithali Raj (@M_Raj03) July 24, 2017