করোনা লকডাউনে ঘরে বন্দি হয়ে মজার খেলার কৌশল বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সামাজিক দূরত্ব বজায় রাখতে ক্রিকেটাররা এখন লকডাউনে গৃহবন্দি। এই পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয় ক্রিকেটাররা একে অন্যের সাক্ষাৎকার নিচ্ছেন। এর আগে রোহিত-যুবরাজকে ইনস্টাগ্রামে আড্ডা দিতে দেখা গিয়েছিল, বিরাট ও কেভিন পিটারসন আড্ডা দিয়েছেন। সম্প্রতি এবার একে অন্যের সাক্ষাৎকার নিলেন ইরফান পাঠান ও মহম্মদ শামি। সেই সাক্ষাৎকারেই রোহিত শর্মাকে ক্রিকেটার নয়, কবি বলে সম্বোধন করেছেন ইরফান।
২০০৭ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের তারকা পেসার বলেন, 'রোহিত বাইশ গজে ব্যাটিং করছে, এমন পরিস্থিতি বহুবার কমেন্ট্রি বক্সে আমি ধারাভাষ্য দিয়েছি। সামনে থেকে নিখুঁত টাইমিংয়ে রোহিতকে বারবার বল মাঠের বাইরে পাঠাতে দেখলে, ওকে ক্রিকেটার বলে মনে হয় না, ও যেন কবি। কবিতার মতো মসৃণভাবে ব্যাট চালায়। রোহিতের ব্যাটিং দারুণ আগ্রাসন রয়েছে। কিন্তু সেটা প্রকাশ পায় না।সব শটেই কোনও পরিশ্রম ছাড়ায় যেন মারছে মনে হয়, এতটাই ন্যাচেরাল ব্যাটিং।এটাই ওকে হিটম্যান বানিয়েছে।'
ইরফান পাঠানের সঙ্গে রোহিতের জাতীয় দলের সদস্য মহম্মদ শামি একমত পোষণ করেছেন। শামি বলেন, ' রোহিত একজন বিশুদ্ধ ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের মধ্যে সেরা প্যাকেজ। ওর ব্যাটিং দেখে অনেক কিছু শেখা রয়েছে। বোলারদের ডেলিভারিগুলো কী নির্মমভাবে মাঠের বাইরে পাঠায়। রোহিতের ব্যাটিং দেখলে মনে হয় বল ব্যাটে ঠেকিয়ে শট খেলার জন্য ঠিক কত সময় পাওয়া যায়। ওকে দেখে শেখা উচিত। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং করতে হয়।'