
করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৪৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় ৯৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। অন্যদিকে বাংলাদেশে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তিনশো জনের। তুলনামূলক ভাবে কিছুটা ভালো অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। সে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮০ পেরিয়েছে। মৃত্যু হয়েছে মাত্র ৯ জনের।

লকডাউন জারি
পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় এশিয়ার তিন প্রতিবেশী দেশেই লকডাউন জারি রয়েছে। তিন দেশেই বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে রাখা হয়েছে এখনও। ভারত এবং বাংলাদেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াবার প্রেক্ষাপট তৈরি হলেও শ্রীলঙ্কায় কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে আদৌ ভারত এবং বাংলাদেশ সরকার, শ্রীলঙ্কা সফরের জন্য ক্রিকেট দল ছাড়বে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

ভারতের শ্রীলঙ্কা সফর
জুনের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের। কুমার সাঙ্গাকারার দেশের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা টিম ইন্ডিয়ার। এরপর মাহেলা জয়াবর্ধনের দেশে তিনটি টেস্ট খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। করোনা ভাইরাসের জেরে সিরিজগুলি আদৌ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শ্রীলঙ্কার আবেদন
জুনে না হলে অন্তত জুলাইতে টিম ইন্ডিয়া তাদের দেশে খেলতে যাক, বিসিসিআই-এর কাছে এমনই আবেদন রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। একই ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও চিঠি পাঠিয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। তবে কী হবে, সে তো সময় বলবে।


Click it and Unblock the Notifications


















