
এই দশকের সেরা ওয়ান ডে দল ভারত
২০১০-র পয়লা জানুয়ারি থেকে ২০১৯-র ২২ ডিসেম্বর অর্থাৎ গত দশ বছরে ২৪৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ৭৯টি ম্যাচে হার হজম করতে হয়েছে মেন ইন ব্লু-কে। ছটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। গত দশ বছরে টিম ইন্ডিয়ার জয়-হারের অনুপাত ১.৯৮৭ বলে জানানো হয়েছে। ২১৬টির মধ্যে ১২৫টি ম্যাচ জেতা (জয়-হারের অনুপাত ১.৫৮২) অস্ট্রেলিয়া রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড গত এক দশকে ২১৮টির মধ্যে ১২৩টি ওয়ান ডে ম্যাচ (জয়-হারের অনুপাত ১.৫০০) জিতেছে।

একদিনের সিরিজ জয়ে শীর্ষে ভারত
২০১০-র জানুয়ারি থেকে ২০১৯-র ডিসেম্বর পর্যন্ত ৩৫টি ওয়ান ডে সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। যা এই দশকে সর্বাধিক। ৩২টি ওয়ান ডে সিরিজ জেতা ইংল্যান্ড রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। ৫০ ওভারের ক্রিকেটে ৩০টি সিরিজ জয় হাসিল করা অস্ট্রেলিয়া রয়েছে তালিকার তৃতীয় স্থানে।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি
এই দশকেই লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ২০১১ সালে মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে ভারতকে ২৮ বছর পর বিশ্বকাপের মুখ দেখিয়েছিলেন মাহি। দুই বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও ওঠে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেও, সেখান থেকে ফিরে আসতে হয় ভারতকে। সেবার কাপ ওঠে অস্ট্রেলিয়ার হাতে। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয় বিরাট কোহলি নেতৃত্বাধীন টিন ইন্ডিয়াকে।

১৯৯০ থেকে ১৯৯৯
এই দশকে তলানিতে গিয়ে ঠেকেছিল ভারতীয় ক্রিকেটের পারফরম্যান্স। ওয়ান ডে ম্যাচে জয়-হারের অনুপাতে ওই দশকে পঞ্চম হয়েছিল ভারত। ২৫৭টির মধ্যে মাত্র ১২২টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল (জয়-হারের অনুপাত ১.০১৬) ভারত। ১৭৭টির মধ্যে ১১০টি ওয়ান ম্যাচ জেতা (জয়-হারের অনুপাত ১.৮০৩) দক্ষিণ আফ্রিকা ছিল তালিকার শীর্ষ স্থানে।

২০০০ থেকে ২০০৯
এই দশকে ভারতের জয়ের হার কিছুটা বাড়লেও তালিকার প্রথম তিনে প্রবেশ করতে পারেনি এমার্জিং টিম ইন্ডিয়া। ওই দশকে ৩০৭টির মধ্যে ১৬১টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল (জয়-হারের অনুপাত ১.২৩৮) ভারত। তালিকার প্রথম স্থানে ছিল অস্ট্রেলিয়া। তাদের জয়-হারের অনুপাত ছিল ৩.০৬০।


Click it and Unblock the Notifications



















