
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী ২৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৭ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে পাঁচশো জনের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।

লকডাউনে পারিবারিক হিংসা
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের লাগু করা লকডাউনে স্তব্ধ হয়েছে দেশের সমস্ত পরিষেবা। ঘরবন্দি রয়েছেন মানুষ। এই পরিস্থিতিতে দেশজুড়ে মহিলাদের ওপর পারিবারিক নির্যাতন বাড়ছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই অপরাধ ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় 'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স' শীর্ষক অভিনব প্রচার শুরু হয়েছে।
বিরাট-রোহিতের প্রচার
'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স' শীর্ষক অভিনব প্রচারে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন কোহলি। তাতে বাকি সেলেব্রিটিদের সঙ্গে টিম ইন্ডিয়ার অধিনায়ককেও পারিবারিক হিংসার বিরুদ্ধে মহিলাদের রুখে দাঁড়ানোর বার্তা দিতে দেখা গিয়েছে। একই বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার ডেপুটি রোহিত শর্মাও।

মিতালী ও অনুষ্কা
'লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স' শীর্ষক অভিনব প্রচারে অংশ নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের লেজেন্ড মিতালী রাজ ও বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। লকডাউনে পারিবারিক হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশে অভিযোগ জানানোর আবেদন করেছেন তাঁরা। ভিডিওটি তীরের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


Click it and Unblock the Notifications



















