ঐতিহ্যবাহী লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়ে ইতিহাস রচনা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তদানীন্তন সুপ্রিমো সৌরভ গাঙ্গুলী। তারপর যা হয়েছিল, সে তো ইতিহাস। বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের সদম্ভ পদচারণা শুরু হয়েছিল সেদিনই।
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির ওই ফাইনাল আজও ভারতের ক্রিকেট প্রেমীদের মনের মণিকোঠায়। সেদিনের সেই ঐতিহাসিক জয়ের কারিগর টিম ইন্ডিয়ার দুই তরুণ ব্যাটসম্যান এখন প্রাক্তনীদের তালিকায়। ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে সেই লর্ডসেই আবারও মুখোমুখি হল ন্যাটওয়েস্ট ফাইনালের দুই নায়ক। যুবরাজ সিংয়ের সঙ্গে সেলফি তুলে তা সোশ্যালমিডিয়ায় পোস্ট করে ১৭ বছর পুরনো স্মৃতি রোমন্থন করেন মহম্মদ কাইফ। যা ইতিমধ্যেই ভাইরাল।
Not the photo you want to wake up to !! Still have nightmares about these two ..@MohammadKaif @YUVSTRONG12 #natwestfinal https://t.co/phyDNdUTxX
— Nasser Hussain (@nassercricket) May 24, 2019
তারই মধ্যে এক জেন্টেলম্যানের অন্যরকম প্রতিক্রিয়াও নজরে পড়েছে অনেকের। যিনি আর কেউ নন, ন্যাটওয়েস্ট ট্রফির ওই ফাইনালে ইংল্যান্ডের তদানীন্তন অধিনায়ক নাসির হুসেন। এক সঙ্গে যুবরাজ ও কাইফের ছবি দেখে তিনি কার্যত আঁতকেই উঠেছেন। অকপটে স্বীকার করেছেন, এই দুই ভারতীয় ক্রিকেটারের সেদিনের ম্যাচ উইনিং ইনিংস আজও তাঁর কাছে দুঃস্বপ্নেরই মতো।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় যুবরাজের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে ১৭ বছর আগের স্মৃতিচারণা করেছেন কাইফ এবং বিশ্বকাপের জন্য বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার সাফল্য কামনা করেছেন।