ঋষভ পন্থ এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। চলতি বছর পন্থ আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। যুবরাজ সিংয়ের পর এবার পন্থের সঙ্গে দেখা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার।
(ছবি- সুরেশ রায়না টুইটার)
গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বরাতজোরে প্রাণে বাঁচেন ঋষভ পন্থ। পায়ে অস্ত্রোপচার হয়েছে। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এখন পন্থের রিহ্যাব চলছে। বাড়িতেই রয়েছেন। গত ১৬ মার্চ যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ঋষভ পন্থ ধীরে ধীরে হাঁটার চেষ্টা করছেন। চ্যাম্পিয়ন আবার উঠে দাঁড়াতে চলেছেন। তাঁর সঙ্গে দেখা হলো। অনেক মজাদার কথাবার্তা হলো। পন্থ বরাবরের মতো পজিটিভ ও রসিক। দ্রুত আরোগ্য লাভে আরও শক্তি অর্জনের শুভেচ্ছাও জানান ক্যান্সার-জয়ী যুবি।
On to baby steps !!! This champion is going to rise again 🔜 .was good catching up and having a laugh 😅what a guy positive and funny always !! More power to you 🤛 💫 @RishabhPant17 pic.twitter.com/OKv487GrRC
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 16, 2023
সুরেশ রায়না পন্থের সঙ্গে তাঁর, শ্রীসন্থ ও হরভজনের গ্রুপ ছবি শেয়ার করেছেন। সেখানেও দেখা গিয়েছে পন্থের মুখে চেনা হাসি। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা পন্থের দ্রুত আরোগ্য কামনা করেন। শ্রীসন্থ পন্থকে নিজের উপর আস্থা রেখে বাকিদের অনুপ্রাণিত করার বার্তাও দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে নামার আগে পন্থের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, প্রতি মরশুমেই আমরা মোটিভেটেড থাকি। তবে পন্থের অনুপস্থিতি আমাদের খেতাব জয়ের তাগিদ বাড়িয়ে দিতে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।
Brotherhood is everything ..family is where our heart is..wishing our brother @RishabhPant17 the very best and fast recovery @harbhajan_singh @sreesanth36 pic.twitter.com/7ngs4HKPVX
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 25, 2023
ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচগুলির সময় মাঠে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে টিম ম্যানেজমেন্টের তরফে। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, পন্থের ক্ষেত্রে যেটা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা তো মিস করবই, ভারতীয় দলও তাঁকে মিস করছে। তবে পন্থ যেমন প্লেয়ার তাতে যে কোনও সময় দলে আসতে পারবেন। তাঁর অল্প বয়স, কেরিয়ারে অনেকটা সময় পড়ে। ফলে পুরো সুস্থ হয়েই মাঠে ফিরুক পন্থ। কোনও তাড়াহুড়োর প্রয়োজনই নেই। এদিকে, ঋষভ পন্থের পরিবর্তে দিল্লি ক্য়াপিটালসের হয়ে কে উইকেটকিপিং করবেন তা চূড়ান্ত নয়। দিল্লিতে দলের অনুশীলন দেখেই এই নাম ঘোষণার কথা রয়েছে।