
বীরেন্দ্র শেহওয়াগ
১৯৯৯ সালে ভারতীয় দলে সুযোগ পেলেও ফ্লপ হয়ে বাদও পড়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। দুই বছর পর ফের জাতীয় দলে ডাক পেয়েছিলেন বীরু। সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। মিডিল অর্ডারে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেললে শেহওয়াগকে ইনিংস শুরু করতে পাঠান মহারাজ। নিজে তিন নম্বরে ব্যাট করতে নামেন বিসিসিআই সভাপতি। ওই স্থানে সফল হয়েছিলেন বীরু। টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে প্রায় ১৭ হাজার রান করার পাশাপাশি দেশকে ২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ দিয়েছেন শেহওয়াগ।

যুবরাজ সিং
২০০০-এর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পারফরমার যুবরাজ সিং-কে সিনিয়রদের দলে ডাকতে দেরি করেননি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই বছরই কেনিয়ায় হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নীল জার্সি গায়ে মাঠে নেমেছিলেন যুবি। অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাওয়া পাঞ্জাব তনয়ের কেরিয়ারকে আগলে রেখেছিলেন মহারাজ। হয়তো তিনি জানতেন যে যুবরাজের ক্যারিশমাতেই ২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ জিতবে ভারত। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের হয়ে ১০ হাজারেরও বেশি রান করেছেন যুবি।

মহেন্দ্র সিং ধোনি
লম্বা ছক্কা হাঁকানোর ক্ষমতাধারী মহেন্দ্র সিং ধোনিকে প্রথম আবিষ্কার করেছিলেন দেশের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান তথা নির্বাচক দিলীর বেঙ্গসরকার। কিন্তু মাহির থেকে তাঁর স্বাভাবিক খেলা বের করে আনার কারিগর ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মিডিল অর্ডারে লাগাতার ব্যর্থ হওয়া ধোনিকে পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে না পাঠালে হয়তো তিনি হারিয়েই যেতেন। দেশকে ২০০৭-এর টি-টোয়েন্টি, ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার পাশাপাশি তিন ফর্ম্যাট মিলিয়ে প্রায় সতেরো হাজার আন্তর্জাতিক রান করেছেন বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক।

হরভজন সিং
১৯৯৮ সালে প্রথম ভারতীয় দলে ডাক পেয়েছিলেন অফ স্পিনার হরভজন সিং। পারফরম্যান্স আহামরি না হওয়ায় তাঁকে ব্রাত্য করে দিয়েছিলেন নির্বাচক। সেখান থেকে ভাজ্জিকে তুলে এনে বিশ্বের অন্যতম সেরা স্পিনার বানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন টেস্টে খেলার সুযোগ না পেলে তাঁকে ট্রাক চালাতে হত বলে নিজেই জানিয়েছেন হরভজন। তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের হয়ে প্রায় সাতশোটি উইকেট নিয়েছেন টার্বুনেটর। ২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন হরভজন।

জাহির খান
২০০০-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন জাহির খান। অচিরেই ভারতের সর্বকালের অন্যতম ফাস্ট বোলার হয়ে ওঠেন। দেশের হয়ে পাঁচশোরও বেশি উইকেট নিয়েছেন জাহির। ২০১১-এর বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছিলেন জাহির।


Click it and Unblock the Notifications
লকডাউনে অনলাইনে মোহনবাগান দিবস, সকাল থেকে কী কী অনুষ্ঠান? চাঁদের হাটে অতিথি কারা জেনে নিন


















