লাল হলুদে এখন স্পনসরের খোঁজ। ইস্টবেঙ্গল ক্লাবই প্রথম ময়দানে ইনভেস্টার ট্রেন্ড শুরু করেছিল। কোয়েসের সঙ্গে পথ চলার পর সেই ট্রেন্ডে এখন ভাঁটা পড়েছে। লাল-হলুদে এখন নতুন বিনিয়োগীর খোঁজ চলছে। বুধবার বিকেলেও ক্লাব তাঁবুকে স্পনসর বা ইনভেস্টারের খোঁজ নিয়ে বৈঠক হয়ে গেল।
বৈঠকে ক্লাবের বেশ কিছু শীর্ষকর্তা এসেছিলেন। সঙ্গে ক্লাবের আইনজীবীও আসেন। শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল একাধিক স্পনসর জোগাড় করে বড় চমক দিতে চলেছে বলে সরগরম। ফ্যানেদের মধ্যে এই নিয়ে নেটদুনিয়ায় পোস্ট, কমেন্টে প্রত্যাশার বহিঃপ্রকাশ চলছে। পরিস্থিতি যা, তাতে ইস্টবেঙ্গলের সামনে শেষ সময়ের পোনাল্টি! যা মিস করলে ম্যাচ হারতে হতে পারে! চলতি সপ্তাহে বৃহস্পতি-শুক্রবার করোনার কারণে লকডাউন। ফলে পরের সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে স্পনসর ইস্যুতে সুখবর দেওয়া হতে পারে বলে ইঙ্গিত।
অন্যদিকে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত আইএসএল খেলবে কিনা, সেই নিয়ে এখনও যখন আলোচনা তুঙ্গে তখন গোয়াতে দ্রুত গতিতে কাজ শুরু করে দিল এফএসডিএল। ফ্র্যাঞ্চাইজিদের অনুশীলনের জন্য ভালো মাঠ দরকার, সেই কারণেই গোয়ার ১৬টি মাঠের মধ্যে ১২ টি মাঠ দলগুলির প্রস্তুতির জন্য চূড়ান্ত করে ফেলল এফএসডিএল। বেছে নেওয়া মাঠ মেইল করে ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। একাধিক মাঠেই আইএসএলের প্রস্তুতির মতো পরিকাঠামো নেই, তবে সেপ্টেম্বরের মধ্যে তা হয়ে যাবে বলে এফএসডিএল আশা রাখছে।