
এক মাস সময় দিয়েছে ফেডারেশন
ক্লাব লাইসেন্সিং-এর কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল এবং কোয়েসের বিচ্ছেদের অবস্থান জানতে চেয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। দুই সংস্থার মধ্যে হওয়া বিচ্ছেদের কাগজপত্র চেয়েছেন প্রফুল প্যাটেলরা। জবাবে লাল-হলুদ কর্তারা বলেছেন, কোয়েসের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিকঠাক হলে ফেডারশনকে জানানো হবে বলেও ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষ করতে লাল-হলুদকে এক মাস সময় দিয়েছে এআইএফএফ। সেই সময়সীমা প্রায় শেষ হওয়ার পথে।

লাইসেন্স বিভ্রাট
নিয়ম অনুযায়ী জুলাইয়ের প্রথম সপ্তাহে আই লিগ ও আইএসএল খেলা ক্লাবগুলির কাছে এএফসি ক্লাব লাইসেন্স নবীকরণের ফর্ম পাঠাবে এআইএফএফ। সেই ফর্ম পূরণ করে, তা অগাস্টের মধ্যবর্তী সময়ে জমা দেওয়ার কথা ক্লাবগুলির তরফে। তাতেই বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল। কারণ কোয়েসের কাছ থেকে স্পোর্টিং রাইটস না পাওয়া পর্যন্ত লাল-হলুদের পক্ষে এএফসি ক্লাব লাইসেন্স নবীকরণ করা সম্ভব হবে না।

কোয়েস ও ইস্টবেঙ্গলের দ্বন্দ্ব
করোনা ভাইরাস সহ নানা অজুহাত দেখিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সময়ের আগেই চুক্তি ভঙ্গ করেছে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। ফলে মে মাসের বেতন থেকে বঞ্চিত হয়েছেন লাল-হলুদের ফুটবলাররা। বকেয়া বেতনের দাবিতে ফিফার দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন ইস্টবঙ্গলের দেশি ও বিদেশি ফুটবলাররা।

কোয়েস-ইস্টবেঙ্গলের বিচ্ছেদ
২০১৮ সালের জুলাইতে বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ইস্টবেঙ্গল। এরপর থেকে কোয়েস ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড হিসেবে চিহ্নিত হয় লাল-হলুদ। ক্লাবের ৭০ শতাংশ স্টেক নিজেদের হাতে রেখেছিল বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা। কিন্তু সময়ের আগেই নিজেদের তলপি-তলপা গুটিয়ে ফেলে কোয়েস। আনুষ্ঠানিক ভাবে লাল-হলুদের সঙ্গে নিজেদের বিচ্ছেদও ঘোষণা করেছে বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা। কিন্তু ক্লাবের 'স্পোর্টিং রাইটস' নিজেদের কাছে রেখে দিয়েছে কোয়েস।

ইস্টবেঙ্গলের সমস্যা
আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলেও কোয়েসের থেকে 'স্পোর্টিং রাইটস' ফিরে পেতে ইস্টবেঙ্গলের কালঘাম ছুটছে। কারণ ক্লাবের স্বত্ত্বাধিকার কবে হস্তান্তর করা হবে, সে ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি বেঙ্গালুরুর সংস্থা। তাতেই সিঁদুরে মেঘ দেখছে বাংলার ফুটবল মহল। কারণ স্পোর্টিং রাইটস ছাড়া দেশ ও বিদেশের কোনও ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ইস্টবেঙ্গল। কলকাতা লিগ খেলা থেকেও বঞ্চিত হবে রেঞ্জার্সরা।


Click it and Unblock the Notifications
মারাদোনার সঙ্গে ট্রফি জিতেছেন, রাস্তায় ভিক্ষে করে জীবন কাটাচ্ছেন সেই সতীর্থ

















