শুরু হয়েও যেন শুরু হল না কলকাতা লিগ। ২০১৮ কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচই বাতিল হয়ে গেল খারাপ আবহাওয়ার কারণে। তবে, আবহাওয়ার থেকে ম্যাচ বাতিলের ক্ষেত্রে অনেক অংশে দায়ী রেফারির সিদ্ধান্ত।
এদিন ম্যাচের শুরু থেকেই চলে মুশলধারে বৃষ্টি। প্রথম ১৫ মিনিট খেলা ঠিকঠাক মতো চললেও ২৫ মিনিট পর থেকেই মাঠে ঘাসের নীচে জমে থাকা জলে খেলতে সমস্যা হয় ফুটবলারদের। এই পরিস্থিতিতেই প্রথমার্ধের খেলা শেষ করেন রেফারি। প্রথমার্ধে খেলা শুরুর পর পরই লালরিনডিকা রালতের ফ্রি কিক থেকে নেওয়া কাসিম আইদারার শট টালিগঞ্জের এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। প্রথমেই লিড পেয়ে গেলেও সেই গোল ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। ৩০ মিনিটে ড্যানিয়েল বিদেমির পাস থেকে গোল করে যান লাগোস।
প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। ঠিকঠাকই চলছিল সব কিছু। কিন্তু বিতর্কের সূত্রপাত দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে থেকে। মাঠ পরীক্ষা করে রেফারি জানিয়ে দেন খেলা হবে না। কিন্তু ততক্ষনে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ঘাসের ফাঁকে জমে থাকা জলও বেড়িয়ে গিয়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে খেলা শুরু যেত সহজেই। ফ্ল্যাড লাইট থাকায় আলোর সমস্যাও ছিল না। কিন্তু রেফারি মতে মাঠ খেলার উপযুক্ত নয়।
কিন্তু দীর্ঘ দিন ফুটবল খেলা গৌতম সরকার, সমরেশ চৌধুরি বা সুমিত মুর্খার্জীর মতো প্রাক্তনীরা জানিয়ে দিলেন ম্যাচ করাই যেত। এটা রেফারির দূরদৃষ্টতার অভাব।
পাশাপাশি এই ম্যাচ আরও বড় একটা প্রশ্ন তুলে দিয়ে গেল। এদিন মাঠে হাজার হাজার মানুষ জড়ো হলেও কলকাতা লিগের আকর্ষণ সে ভাবে এখন আর নেই। তার মধ্যে এই অযোগ্য রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনা করিয়ে লিগের মান আরও কি নামিয়ে দিচ্ছেন না আইএফএ সচিব? প্রশ্নটা উঠছিল বহু দিন ধরেই। আজ আরও প্রকট হল সেই প্রশ্ন।