
তথ্য-প্রমাণ
ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি জানিয়েছে তাঁর ষোল বছর বয়সের সপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি গৌরব। বরং তাঁর দেওয়া নথি থেকে তাঁর বয়স যে ১৬-র বেশি তাই প্রমাণিত হয়েছে। কমিটির সামনে তিনি বয়স কমানোর কথা স্বীকারও করেছেন। এছাড়া, এআইএফএফ-এর অনুর্ধ্ব-১৬ অ্যাকাডেমির ম্যানেজারও তাঁর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এই সব তথ্য প্রমাণাদি থেকেই গৌরব অপরাধি প্রমাণিত হয়েছেন।

শাস্তি
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, আশু ভিত্তিতে জামশেদপুর এফসির ফুটবলার গৌরব মুখিকে আগামী ছয় মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম ও কম্পিটিশন ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। অবশ্য গৌরব মুখি নিজে বা তাঁর ক্লাব তাদের সুবিধা মতো সঠিক নথি জমা দিয়ে নতুন করে তাঁর নাম নথিভুক্ত করতে পারবেন।

বিতর্ক
এবারের আইএসএল-এর অন্যতম বিতর্ক তৈরি হয়েছিল গৌরবের বয়স নিয়ে। আইএসএল-এর নথিতে তাঁর বয়স ছিল ১৬ বছর। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করার পরই তাঁকে কনিষ্ঠতম গোলদাতা বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাঁর চেহারা দেখে তাঁর বয়স নিয়ে সন্দেহ জেগেছিল সংবাদমাধ্যমের। খোঁজ করতে গিয়ে দেখা যায় ২০১৫ সালে তিনি অনুর্ধ্ব ১৫ টুর্নামেন্টে বয়স ভাঁড়িয়ে খেলতে গিয়ে শাস্তি পেয়েছিলেন। কাজেই তিনি যে ১৬ বছরের নন, তা নিয়ে লেখালেখি শুরু হতে থাকে।

পদক্ষেপ
এরপরই নড়েচড়ে বসে ফেডারেশন। তদন্ত শুরু করা হয়। এরপর গত মঙ্গলবার (২০ মঙ্গলবার) তাঁকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিল। সেই সঙ্গে শনিবার (২৪ নভেম্বর) শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হল।

আসল প্রশ্ন
গৌরব মুখির আসল বয়স তাহলে কত? এই প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তাঁণর সাজা ঘোষণা করলেও তাঁর সত্যিকারের বয়স নিয়ে কোনও তথ্য দেয়নি এআইএফএফ। তবে তিনি যে ১৬ বছরের নন এ বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

কে কনিষ্ঠতম?
গৌরব মুখি যে আইএসএল-এর কনিষ্ঠতম গোলদাতা নন তা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সেক্ষেত্রে কে আসলে কনিষ্ঠতম গোলদাতা তা এখনও জানানো হয়নি আইএসএল-এর তরফে। তবে সম্ভবত এটিকে-র ফুটবলার কোমল থাতালই এই সম্মান পাবেন। ভারতের হয়ে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা কোমলের বর্তমান বয়স ১৮ বছর।


Click it and Unblock the Notifications



















