
অ্যাটলেটিকোর অভিশাপ
আইএসএল-এর চতুর্থ মরসুম শুরু হওয়ার কয়েক মাস আগে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে গাটছড়া বেঁধে আইএসএল-এর প্রথম তিন মরসুমে ২টি ট্রফি জিতেছিল এটিকে। সেই সময় স্প্যানিশ ক্লাবটিই যাবতীয় সাপোর্ট স্টাফদের জোগান দিত। অ্যাটলেটিকো বিদায়ের পর টেডি শেরিংহামকে হেড কোচ করে দলের সাপোর্ট বিভাগকে ঢেলে সাজানো হয়। আর তারপর থেকেই যেন কলকাতার দলটির উপর চোট আঘাতের অভিশাপ লেগে যায়।

গত মরসুমের দীর্ঘ চোটের তালিকা
গত মরসুমে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে মাঝমাঠের খেলোয়াড় ইউজেনসেন লিংডোকে সর্বপ্রথম দলে নিয়েছিল এটিকে। কিন্তু তিন ম্যাচ যেতে না যেতেই চোটের কবলে পরে তিনি গোটা মরসুমের জন্য ছিটকে যান। মার্কি রবি কিন খেলতে পেরেছিলেন শুধুমাত্র মরসুমের দ্বিতীয়ার্ধে। মরসুমের শুরুতেই ছিটকে গিয়েছিলেন জয়েশ রানে। চোট পাওয়া বিদেশী কার্ল বেকারকে বদলে ডিসেম্বরে আনতে হয়েছিল রায়ান টেলরকে। শাম্পিঙ্গিরাজ, আশুতোষ মেহতা, আনোয়ার আলি নালাপ্পান মোহনরাজ - সবাই গত মরসুমে চোটের কবলে পড়েছিলেন। এটিকের গতবারের বিদেশীরাও সবাই কোনও না কোনও সময়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। ফলে ম্য়াচের পর ম্যাচ নতুন খেলোয়াড়দের নিয়ে প্রথম একাদশ গড়তে হয়েছে, এটিকের তিন-তিনজন কোচকে।

প্রাক মরসুমের চোট
পঞ্চম মরসুমে গতবছরের জামশেদপুরের কোচ স্টিভ কপেলকে প্রধান কোচ করে এনেছে। কিন্তু তিনি দায়িত্ব নিলেও চোট-আঘাতের অভিশাপ মুক্ত হয়নি এটিকে। শুরু হয়েছে একেবারে প্রাক মরসুম অনুশীলনের সময় থেকে। স্পেনে ট্রেনিং চলাকালীন চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় প্রবীর দাস।

এই মরসুমের চোটের তালিকা
পঞ্চম মরসুমের শুরু থেকেও গত বছরের মতো না হলেও একের পর এক এটিকে ফুটবলার চোটের কবলে পড়েছেন। মরসুমের শুরুতেই চোট পান রক্ষণের আরও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার অর্ণব মণ্ডল ও ক্যামেরুনের আন্দ্রে বাইকি। বাইকি অবশ্য ৪ ম্যাচে মাঠে নেমেছেন। তবে খেলেছেন মাত্র ১১১ মিনিট। আর অর্ণব এখনও মাঠেই নামতে পারেননি।

সবচেয়ে বড় ধাক্কা
তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বেঙ্গালুরু ম্যাচে দলের প্রধান স্ট্রাইকার নাইজেরিয় কালু উচের কোয়াড মাসলে চোট লাগায়। ক্রিস্টমাসের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। কোট কপেল জানিয়েছেন তিনি আপাতত বার্সেলোনায় রয়েছেন চিকিৎসার জন্য গত মরসুমের মতোই এই মরসুমেও বদলি ফুটবলার আসা শুরু হয়েছএ এটিকে-তে। এফসি পুনে সিটির উরুগুয়ান ফরোয়ার্ড এমিলিয়ানো আলফারোকে দলে নিয়েছে কলকাতার দলটি।

গত মরসুম থেকেই ঘনঘন চোট কেন?
কারণ হতে পারে প্রশিক্ষণ পদ্ধতির ত্রুটি। আবার যাচাই না করেই খেলোয়ার নেওয়ার জন্যও এই সমস্যা দেখা দিয়ে থাকতে পারে। মরসুমের শুরুতে এটিকে ফিডিকাল ট্রেনার হিসেবে মিরান্ডা গার্সিয়াকে নিযুক্ত করেছে। অতীতে মোহনবাগানের তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এইবার তিনি এটিকে-এর চোট-আঘাতের অভিশাপ কাটাতে পারেন কিনা সেটাই দেখার।


Click it and Unblock the Notifications



















