বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি), ভ্যালেন্টাইন্স ডে-তে সমর্থকদের একটুও আনন্দ উপহার দিতে পারলেন না এটিকে ফুটবলাররা। বরং গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে পর্যুদস্ত হয়ে এই বারের মতো আইএসএল প্লেঅফ খেলার দৌড় থেকে ছিটকে গেল কলকাতার দলটি।
ম্যাচের একেবারে প্রথম মিনিটেই গোল করে ঘরের দলকে এগিয়ে দিয়েছিলেন জ্যাকিচাঁদ সিং। এরপর দ্বিতীয়ার্ধে ফের একবার জ্বলে উঠলেন গোয়ার গোলমেশিন ফেরান কোরোমিনাস। ৫২ ও ৮১ মিনিটে জোড়া গোল করলেন তিনি। এই নিয়ে এইবারের লিগে ১৩ গোল হয়ে গেল তাঁর। সোনার বুট জেতার দৌড়ে পিছনে ফেলে দিলেন নর্থইস্টের ওগবেচে (১২)-কে।