
নীল বাঘেরা ফ্র্যাঞ্চাইজি জার্সিতে
বিরতির পর জাতীয় দল থেকে ফিরে এশিয়া কাপের নায়কেরা ফিরবেন আইএসএল-এর ময়দানে। এশিয়া কাপের হতাশা কাটাতে প্রত্যেকেই আইএসএল ট্রফিটা জিততে মরিয়া থাকবেন। এই পর্বের প্রথম তিনদিনেই বেশ কয়েকজন জাতীয় দলের নায়ককে খেলতে দেখা যাবে। তাদের মধ্যে আছেন- সুনীল ছেত্রি, গুরুপ্রিত সিং সান্ধু, উদান্ত সিং (বেঙ্গালুরু এফসি), অনিরুধ থাপা (চেন্নাইন এফসি), রোলিন বোর্জেস (নর্থইস্ট ইউনাইটেড এফসি), শুভাশীষ বসু (মুম্বই সিটি এফসি), প্রণয় হালদার, প্রীতম কোটাল (এটিকে) প্রমুখ।

এটিকের সম্ভাবনা
ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে সক্রিয় ছিল এটিকে। প্রীতম কোটাল ও এডু গার্সিয়াকে নেওয়ার পর দলের ভারসাম্য অনেকটাই ফিরেছে। চোট কাটিয়ে ফিরেছেন কালু উচেও। আরও কয়েকজন ফুটবলার নেওয়ার কথা চলছে। এই মুহূর্তে কলকাতার দলটি লিগে ৬ নম্বরে রয়েছে। কিন্তু তাদের থেকে মাত্র ৪ পয়েন্ট দূরে আছে তৃতীয় স্থানে থাকা এফসি গোয়া। কাজেই এখান থেকে এটিকে প্লেঅফের দৌড়ে ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে এগিয়ে বেঙ্গালুরু
গত মরসুমে অল্পের জন্য আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছিল বেঙ্গালুরুর। এইবার আর সেই আফশোষ রাখতে চায় না তারা। এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে শধু নয় ১১ ম্যাচ পড়েও তারা অপরাজিত। এই ফর্ম ধরে রাখতে পারলে এইবার তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।

নতুন চ্যাম্পিয়ন
আইএসএল-এ গত ৪ মরসুমে ২বার করে চ্যাম্পিয়ন হয়েছে এটিকে ও চেন্নাইন এফসি। এই মরসুমে লিগ টেবিলের বর্তমান অবস্থা অনুযায়ী বেঙ্গালুরু এফসি, মুম্বই এফসি, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও জামশেদপুর এফসি প্লেঅফের দৌড়ে রয়েছে। এটিকের সামনে এই দৌড়ে ঢুকে পড়ার সম্ভাবনা খাকলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এইবার সব সম্ভাবনা শেষ। কাজেই অঙ্কের হিসেবেই এইবার লিগের শেষে নতুন কোনও দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখার সম্ভাবনাই বেশি।

কৌতূহলের কেন্দ্রে ভিনগাদা
কেরল ব্লাস্টার্স তাদের কোচের সিটে ডেভিড জেমসের জায়গায় নেলো ভিনগাদা-কে এনেছে। বিরতির পর প্রথম ম্যাচেই তাঁকে পরীক্ষায় বসতে হবে এটিকে-র। ঘরের মাঠে ৬ ম্যাচে একটিও জয় পায়নি হলুদ জার্সিধারীরা। কোচ বদলে তাদের পারফরম্য়ান্সের পরিবর্তন হয় কিনা তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভারতীয় ফুটবল মহলে।


Click it and Unblock the Notifications



















