
নাগরিকত্ব সংশোধনী বিলকে ঘিরে তৈরি হওয়া বিক্ষোভের জেরে গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যাচে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়কে বৃহস্পতিবার সকালে অনুশীলনে নামতে দেখা যায়নি। গুয়াহাটির হোটেলে আটকে আছেন তাঁরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হওয়ার কথা ছিল নর্থইস্ট ইউনাইটেডের। দুই দলের কাছেই এই ম্যাচ ছিল মাস্ট উইন। তাই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা ছিল তুঙ্গে।
কিন্তু বুধবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে তাতে সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলা অসমে বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। সেই বিক্ষোভের আঁচ এসে পৌঁছয় গুয়াহাটিতেও। এই অবস্থায় দুই দলের দর্শক, খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে আজকের ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। দুই দলের ফুটবলারকে হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। হোটেলের নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন।
Update: NEUFC vs CFC https://t.co/dqc8kagMqB
— NorthEast United FC (@NEUtdFC) December 12, 2019
সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাউইটেড বনাম চেন্নাইয়ান এফসি-র ম্যাচ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। এই ম্যাচ আদৌ আর অনুষ্ঠিত করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে নর্থইস্ট। সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।