স্ট্রেট সেটে না হলেও কার্যত সহজেই আরও একবার উইম্বলডনের ফাইনালে পৌঁছলেন ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নোভাক জকোভিচ। সেন্টার কোর্টে প্রতিযোগিতার ২৩তম বাছাই স্পেনের রবার্টো বাউতিস্তা আগুতকে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-২ সেটে হারান এক নম্বর বাছাই সার্বিয়ান।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুরু থেকে ম্যাচে প্রধান্য বিস্তার করার চেষ্টা করেন চার বারের এই গ্রান্ড স্ল্যাম জয়ী জকোভিচ। প্রথমেই অ্যাটাকে যাওয়ার ফলও পান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তুলনামূলক অনভিজ্ঞ রবার্টোকে প্রথম সেট ৬-২ গেমে হারান নোভাক। দ্বিতীয় সেটেই কিন্তু ফিরে আসেন স্পেনের খেলোয়াড়। ৪-৬ গেমে সেট জিতে জকোভিচকে চ্যালেঞ্জ জানান রবার্টো। কিন্তু তিনি যে জোকা তার প্রমাণ দেন শেষ দুই সেটে। ৬-৩, ৬-২ গেমে জিতে ম্যাচও পকেটে পুরে নেন সার্বিয়ান টেনিস তারকা।
সেন্টার কোর্টের এই লড়াইয়ে ১০টি এস এবং ৫টি ব্রেক পয়েন্ট আদায় করেছে জকোভিচ। ৭৭ শতাংশ ফার্স্ট সার্ভ এবং ৫৬ শতাংশ সেকেন্ড সার্ভ জিতে প্রতিপক্ষকে কার্যত বোতলবন্দি করেন জোকা। তাঁর বিষাক্ত ব্যাক-হ্য়ান্ড, ফোর-হ্যান্ড, ডাউন দ্য লাইনেরও কোনও উত্তর দিতে পারেননি স্পেনীয় রবার্টো বাউতিস্তা আগুত। উইম্বলডনের দ্বিতীয় সেমিফাইনালে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের মধ্যে যে জিতবেন, তাঁর সঙ্গে ফাইনালে জকোভিচের দেখা হবে।
উল্লেখ্য ২০১৮ সালে ঐতিহ্যবাহী এই সেন্টার কোর্টেই দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থ বারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন।