ফের একবার নিজের দক্ষতার প্রমাণ দিলেন নোভাক জোকোভিচ। ২০১৮ উইম্বলডনে জয়ের ধ্বজা ওড়ালেন সার্বিয়ার এই টেনিস তারকা।
উইম্বলডন ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসনকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন জোকোভিচ। জোকারের পক্ষে খেলার ফল ৬-২, ৬-২, ৭-৬(৭-৩)।
এদিন ম্যাচের শুরু থেকেই জোকারের সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে, সমর্থনের দিক দিয়ে পিছিয়ে ছিলেন না কেভিন অ্যান্ডারসনও। কিন্তু ঘাসের কোর্টে লড়াইয়ে চোট সারিয়ে ফেরা জোকোভিচের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না কেভিন।
দু'ঘন্টা ১৮ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন নোভাক। উইম্বলডনে নিজের শেষ খেতাবটি জোকোভিচ জিতেছিলেন ২০১৫ সালে।
তবে উইম্বলডন ২০১৫ সালে জিতলেও, নিজের শেষ গ্র্যান্ডস্ল্যামটি জেতেন ইউএস ওপেনে। এই নিয়ে নিজের ১৩ নম্বর গ্র্যান্ডস্ল্যামটি জিতলেন নোভাক।
উইম্বলডন জিতে এই টেনিস তারকা বলেন, 'উইম্বলডন ফাইনালে খেলার অনুভুতিটা সব সময়েই অন্যরকম। উইম্বলডনের ফাইনালে আমি পাঁচবার খেললাম। তার মধ্যে চারটে ক্ষেত্রেই জিতেছি। সত্যিই আমি গর্বিত।'
এই ম্যাচে নিজের প্রতিদ্বন্দ্বী কেভিন অ্যান্ডারসনের প্রশংসাও শোনা যায় জোকারের গলায় তিনি বলেন, 'আমি কেভিনকে শুভেচ্ছা জানাতে চাই। ও প্রশংসার দাবি রাখে। কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে দারুণ দু'টি ম্যাচ খেলেছে ও।'