
আইসিসি-র সঙ্গে সংঘাত
প্রাক্তন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর এখন আইসিসি চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন। অথচ তাঁর কার্যকালেই আইসিসি-র সঙ্গে বিসিসিআই-র সংঘাত চরমে উঠেছে বলা চলে। আইসিসি চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক মনোহরের কাজ করার ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন এন শ্রীনিবাসন, অনুরাগ ঠাকুরের মতো বিসিসিআই-র প্রাক্তন সভাপতিরা। বকলমে আইসিসি-র প্রায় অর্ধেক শেয়ার হোল্ডার বিসিসিআই-র প্রতি অবহেলা যে মেনে নেওয়া হবে না, তা নতুন পদে দায়িত্ব নেওয়ার আগেই জানিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার ওপর আইসিসি চেয়ারম্যানের সঙ্গে বিসিসিআই সভাপতির সম্পর্ক যে আদায়-কাচকলায়, তা সবার জানা। ২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকার সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সবুজ ঘাস সম্বলিত পিচ বানানো নিয়ে শশাঙ্ক মনোহরের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দ্বন্দ্ব মেটাতে কে এগিয়ে আসেন, সেটাই দেখার।

স্বার্থের সংঘাত
ম্যাচ ফিক্সিং, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে প্রায় বেঁকে যাওয়া বিসিসিআই-র মেরুদণ্ড সোজা করতে নাক গলায় সুপ্রিম কোর্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডকে স্বচ্ছ করার লক্ষ্যে বিচারপতি আরএম লোধার একটি কমিটি গড়ে দেয় দেশের শীর্ষ আদালত। সেই কমিটির সুপারিশ অনুযায়ী বিসিসিআই-র জন্য নতুন সংবিধান রচনা করা হয়। কার্যপদ্ধতিতে নজরদারি চালানোর লক্ষ্যে বোর্ডের মাথায় এথিক্স অফিসার ও কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে বসানো হয়। তা যেমন একদিক থেকে ভালো, তেমন নতুন সংবিধানে অন্তর্ভূক্ত থাকা স্বার্থের সংঘাতে (এক ব্যক্তি এক পদ) প্রাক্তন ক্রিকেটাররা জড়িয়ে পড়ায়, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের পাশাপাশি অভিযুক্তদের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। তখন এই পদ্ধতির প্রতিবাদ করেছিলেন মাহারাজ। বিসিসিআই-র সভাপতি হিসেবে স্বার্থের সংঘাত নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা কী হয়, সে দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

পুরনো রথিদের ওজন
সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি লোধা প্যানেলের সুপারিশ যাই হোক না কেন, বিসিসিআই থেকে বেনোজল কতটা বেরিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। যাঁকে ঘিরে মূল বিতর্ক, সেই বিসিসিআই-র প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন, নিরঞ্জন শাহ-দের প্রচ্ছন্ন প্রভাব বোর্ডের কার্যপদ্ধতিতে রয়েই গেছে, তা বলাই বাহুল্য়। তাঁদের থেকে কতটা বেঁচে চলতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রশ্ন দেশের ক্রিকেট মহলে।

টেস্ট ক্রিকেটে ফাঁকা আসন
ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ওয়াশ আউট করেছে ভারত। তা যেমন আনন্দের খবর, তেমন আশঙ্কার মেঘ ঘনিয়েছে এই তিন ম্যাচকে ঘিরেই। তিনটি ম্যাচেই ফাঁকা দর্শকাসন দেখে দেশে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত কী, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে বিসিসিআই। এমন পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশে নির্ধারিত টেস্ট ভেন্যু বাছার পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এ ব্যাপারে নতুন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কী পদক্ষেপ নেন, তা দেখার।

ক্রিকেটারদের চাহিদা
নিজের জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই-র সভাপতি পদে বসে তিনি যে দেশের ক্রিকেটারদের অভাব-অভিযোগ আরও বেশি করে বুঝবেন, তা বলাই বাহুল্য। মসনদে বসার আগেই দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাদের জন্য কিছু করার কথা জানিয়ে দেন বাংলার মহারাজ। তাতে আশার মেঘ দেখছেন দেশের প্রাক্তন ক্রিকেটার থেকে যুব তারকারা। ভালো কিছু হবে, তেমনটাই আশা প্রত্যেকের।


Click it and Unblock the Notifications
টিম ইন্ডিয়ার ব্লেজার পরে নস্ট্যালজিক সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন বিসিসিআই সভাপতি
কোহলিকে সব রকম সাহায্যের বার্তা, অধিনায়কের সঙ্গে প্রেসিডেন্টের রসায়ন কেমন হবে জানালেন সৌরভ


















