পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৫৮ রানের মূল্যবান ইনিংস খেলেছেন ভারতের চেতেশ্বর পূজারা। এই ম্যাচেই তিনি এমন এক ঘটনা ঘটিয়েছেন, যা এর আগে নিজের টেস্ট কেরিয়ারে কখনও ঘটাননি ভারতীয় ব্যাটসম্যান।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে শুরুতেই ওপেনার রোহিত শর্মারে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেই সময় দলের অন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপ করেন চেতেশ্বর পূজারা।
৫৮ রানের ইনিংসে ৯টি চার ও একটি মাত্র ছক্কা হাঁকান চেতেশ্বর পূজারা। ভাইজাক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রান করেছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। ওই ইনিংসেও দুটি ছক্কা হাঁকিয়েছিলেন পূজারা। টেস্ট কেরিয়ারে প্রথমবার পরপর দুই টেস্ট তথা দুই ইনিংসে ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান।