দুবাইতে আইপিএল খেলতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংস তথা ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার দীপক চাহার। নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে তাঁকে টিম হোটেলেরই আলাদা ঘরে সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে। সেই অবস্থাতেই আইপিএলের জন্য প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না দীপক। তাঁর শরীর চর্চার ভিডিও পোস্ট করে ফ্যানদের আশ্বস্ত করেছে চেন্নাই সুপার কিংস। উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
আইপিএল খেলতে দুবাইতে পৌঁছনোর আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে পাঁচ দিনের প্রস্তুতি শিবিরে অংশ নিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ সিএসকে-র ক্রিকেটাররা। সেই শিবিরে যোগ দিয়েছিলেন ফাস্ট বোলার দীপক চাহারও। দলের সঙ্গে তিনিও ২১ অগাস্ট দুবাইতে পৌঁছন। বিসিসিআইয়ের নির্দেশ মেনে ছয় দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে সিএসকে ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের কোভিড-১৯ টেস্ট করা হয়। দলের ১৩ জন সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে অন্তর্ভূক্ত ফাস্ট বোলার দীপক চাহার, ব্যাটসম্যান ঋুতুরাজ গায়েকোয়াড়ও।
করোনা আক্রান্ত সিএসকে-র সব সদস্যকে দুবাইয়ের হোটেলেরই আলাদা ঘরে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের ওপর পর্যবেক্ষণও চালানো হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ মেনেই দিন কাটছে দীপক চাহারদের। এহেন পরিস্থিতিতে কেমন আছেন সিএসকে-র দুই ক্রিকেটার, তাঁরা কি বাইশ গজে ফিরতে পারবেন প্রশ্নগুলি ঘুরছে ক্রিকেট মহলে। সে সব ভাবনাচিন্তার ইতি ঘটল মঙ্গলবার।
Come what may, don't miss leg day. Cherry on the rise! #WhistlePodu @deepak_chahar9 🦁💛 pic.twitter.com/dqxbRGQ01s
— Chennai Super Kings (@ChennaiIPL) September 1, 2020
সোশ্যাল মিডিয়ায় দলের ফাস্ট বোলার দীপক চাহারের একটি ভিডিও পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। তাতে দেখা যাচ্ছে, আইসোলেশনে থেকেও ঘরে পায়ের ব্যায়ম করে চলেছেন ভারতীয় ফাস্ট বোলার। শরীর চর্চার পাশাপাশি ক্রিকেট প্রেমীদের আশ্বাস্ত করে দ্রুত মাঠে ফেরার আশ্বাসও দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার।
Thank you all for your love and prayers 🙏..I am better now and trying my best to keep myself fit..hopefully you will see me in action very soon..
— Deepak chahar (@deepak_chahar9) September 1, 2020
Keep showering your love ❤️and never miss your leg day 😁#ipl #legday #ipl2020 #recovery pic.twitter.com/MXetVO7vob
একই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পোস্ট করেছেন চাহার। জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ক্রিকেট প্রেমীরা যেভাবে তাঁর জন্য প্রার্থনা করেছেন, তাতে তিনি আপ্লুত। চাহার জানিয়েছেন যে তিনি আগের থেকে অনেক সুস্থ। এখন কেবল মাঠে নামার অপেক্ষায় রয়েছেন চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার।