
মাঠে ফিরেই ঝড় তোলেন হার্দিক
ম্যাচে রিলায়েন্সের দলের হয়ে দুর্দান্ত ছন্দে দেখা যায় হার্দিককে। ব্যাট হাতে মাত্র ২৫ বলে করেন ৩৮। মারেন চারটি বিশাল ছক্কা। বল হাতেও সমান সফল ছিলেন এদিন। তুলে নেন তিন উইকেট। তবে বিতর্ক যেন এখন আর ছাড়তে চায় না হার্দিককে।

বিসিসিআই-এর নিয়ম ভাঙেন হার্দিক
ব্যাট করতে নামার সময় হার্দিককে দেখা যায় ভারতীয় দলের হেলমেট পড়ে নামতে। যা বিসিসিআইয়ের নিয়ম বিরুদ্ধ। ২০১৪ সালেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে ঘরোয়া ক্রিকেটে খেলতে নামলে ভারতীয় দলের লোগো যুক্ত কোনও গিয়ার ব্যবহার করতে পারবেন না ক্রিকেটাররা। তবে এদিন হার্দিককে দেখা যায় বিসিসিআই-র লোগো থাকা হেলমেট পরে খলতে নামতে।

হার্দিক প্রসঙ্গে বিসিসিআই কর্তার বক্তব্য
এই বিষয়ে এক বিসিসিআই আধিকারিক বলেন, 'এই নিয়মটি মরশুমের শুরু থেকেই রয়েছে তবে পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলের মধ্যে সম্প্রতি শেষ হওয়া দেওধর ট্রফির ফাইনাল থেকে একটি পুরো মাত্রায় লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে পাঁচ মাস পরে মাঠে ফেরা হার্দিক এই বিষয়ে উদাসীন ছিলেন।

ঘরোয়া টুর্নামেন্ট খেলে নিজেকে ঝালিয়ে নেবেন হার্দিক
এদিকে সূত্রের খবর, ভারতীয় অল রাউন্ডার ঘরোয়া টুর্নামেন্ট খেলে নিজেকে ঝালিয়ে নেওয়ার পরই জাতীয় দলের দরজায় কড়া নাড়তে পারবেন। ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে রিলায়েন্স ওয়ান ডে দলের হয়ে ভারতীয় অল রাউন্ডার তিনটি ম্য়াচ খেলবেন বলে জানানো হয়েছে।

অস্ত্রোপচারের পর বহুদিন মাঠের বাইরে থাকেন হার্দিক
এর আগে ইংল্যান্ডে হওয়া ২০১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে মেরুদণ্ডে চোট পান ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। লন্ডনে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়। গত ডিসেম্বরের শুরুতে তিনি দেশে ফিরে আসেন। ওই মাসের শেষ থেকে হার্দিকের ফিটনেস ট্রেনিং শুরু হয়।

ফের ফিট হয়ে উঠেছেন হার্দিক
চোট সারিয়ে ভারতে ফেরার পর ব্যক্তিগত ফিটনেস ট্রেনারের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে বিসিসিআই-র নির্দেশে ক্রিকেটারদের ফিট ঘোষণার ক্ষেত্রে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র বাধ্যতামূলক হয়ে যাওয়ায়, ওই সংস্থাতেই পরে শারীরিক প্রশিক্ষণ নিতে শুরু করেন ভারতীয় অল-রাউন্ডার।

কবে ফিরবেন হার্দিক?
মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলবে ভারত। কোনও অঘটন না ঘটলে সেই সিরিজেই হার্দিক পান্ডিয়াকে ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন হার্দিক
ভারতের হয়ে ১১টি টেস্ট, ৫৪টি ওয়ান ডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলা হার্দিক পান্ডিয়া গত বছরের ২২ সেপ্টেম্বর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি ফিরে আসার লড়াই চালাচ্ছেন।


Click it and Unblock the Notifications


















