দীর্ঘদিন পর আইলিগ ২০১৮-১৯'র শীর্ষস্থানে ঘটল পরিবর্তন। বুধবার শ্রীনগরে প্রবল ঠান্ডায় গোকুলাম কেরল এফসিকে গোনহেরে ক্রিজোর করা একমাত্র গোলে পরাজিত করে এক নম্বরে উঠে এল রিয়াল কাশ্মীর। ফলে চেন্নাই সিটি এফসি দীর্ঘদিন বাদে নেমে গেল দ্বিতীয় স্থানে। তবে তারা রিয়াল কাশ্মীরের থেকে দুই ম্যাচ কম খেলেছে।
ছবি সৌ. - হিরো আইলিগ
বুধবার ঘরের মাঠে শুধু দর্শক সমর্থন নয় পরিবেশেরও দারুণ সাহায্য পেল কাশ্মীরের দলট। বুধবার সকাল থেকেই শ্রীনগরের আকাশ মুখ ভার করে ছিল। খেলা চলাকালীন নাগাড়ে বৃষ্টি ও তুষাড়পাত চলল। ফলে দুই দলই বেশি করে বল তুলে খেলতে বাধ্য হয়। তাতে সুবিধা হল লম্বা চেহারার রিয়াল কাশ্মীর ফুটবলারদেরই।
কনকনে ঠান্ডায় ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল রিয়াল কাশ্মীর। প্রথম থেকেই মাঝমাঠের দল নেন বাজি আর্মান্ড ও দানিশ ফারুক। ফলে গোকুলাম সেভাবে আক্রমণে আসতেই পারেনি। উল্টো দিকে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেরলের দলটির রক্ষণে হানা দিতে শুরু করেছিলেন ক্রিজো।
আইভরিয়ান স্ট্রাইকারকে প্রথমার্ধে রুখে দিয়েছিলেন আদো ও গোকুলামের হয়ে প্রথমবার মাঠে নামা মেহতাব সিং। কিন্তু বিরতির পর খেলা শুরু হওয়ার ৬ মিনিটের মাথাতেই তাদের প্রতিরোধ ভেঙে দেন ক্রিজো। গোল লক্ষ্য করে প্রথম শটটি অবশ্য নিয়েছিলেন ফারহান গানি। সোই বল পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে এবারের আই লিগে তাঁর তৃতীয় গোলটি করে যান ক্রিজো।
দেখে নেওয়া যাক অদল বদলের পর লিগ টেবিলে আপাতত খেতাবের ৪ দাবিদার কে কোথায় দাঁড়িয়ে -
রিয়াল কাশ্মীর এফসি
এই বারই প্রথমবার আইলিগ খেলার সুযোগ পেয়েছে কাশ্মীরের দলটি। আর প্রথম সুযোগেই কাপ জেতার কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা। রূপকথার মতো শোনালেও বুধবার ঘরের মাঠে ১-০ ফলে গোকুলাম কেরলকে হারানোর পর ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এখন তারাই এখন লিগ শীর্ষে।
চেন্নাই সিটি এফসি
দীর্ঘদিন লিগের শীর্ষস্থানটি দখল করে থাকার পর আপাতত ১৪ ম্যাচ খেলে ৩০ পয়েন্টে আছে চেন্নাই সিটি। তবে শুক্রবার (৮ ফেব্রুয়ারি)-ই তাদের খেলা রয়েছে ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে। সেই ম্যাচ জিতলে ফের শীর্ষে চলে যাবে তারা।
চার্চিল ব্রাদার্স
১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবিলের তিন নম্বরে থাকলেও গোয়ার দলটি খেতাবের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে।
ইস্টবেঙ্গল
১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লাল-হলুদ। বৃহস্পিতিবার (৭ ফেব্রুয়ারি)-ই ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে নেরোকার। জিতলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্টে পৌঁছবে তারা। তবে গোল পার্থক্যে চার্চিলের থেকে এখনও ৪ (১২-৮) গোলে পিছিয়ে আছে কলকাতার বড় ক্লাব।