বৃহস্পতিবার মেগা লিগের মেগা নিলাম। কলকাতার বুকে প্রথমবারের জন্য বসতে চলেছে আইপিএল নিলামের আসর। সেই আসর নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।
ফ্র্যাঞ্চাইজি শিবিরগুলি এখন শেষ মুহূর্তের পরিকল্পনা ও ঘুঁটি সাজিয়ে নিতে ব্যস্ত। এবার কোচ হিসেবে আইপিএলে অভিযান শুরু করতে চলেছেন ব্রেন্ডন ম্যাকালাম।
আইপিএলে তাঁর প্রথম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচের হটসিটে বসেছেন নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফাইনালে তোলা এই ক্রিকেটার। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে এই কেকেআরের হয়েই খেলেছিলেন ম্যাকালাম। বৃহস্পতিবার নিলামে কলকাতার টেবিলে বসার জন্য ইতিমধ্যেই উড়ান ধরেছেন তিনি।
উড়ান ধরার আগে টুইটে কলকাতার নিলামে আসার কথা জানালেন ম্যাকালাম। টুইটে নাইটদের নতুন কোচ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নিলামের জন্য দারুণভাবে উত্তেজিত। কলকাতার স্কোয়াড তৈরির জন্য অনেক পরিকল্পনা রয়েছে।
সেই সঙ্গে ভাগ্যের সাহায্য চাইছেন ম্যাকালাম। টুইটে তিনি জুড়েছেন, 'ভাগ্য সুপ্রশন্ন হলে আমরা দারুণ দল গড়ব। আশা করি সব পরিকল্পনা দারুণভাবে ফলে যাবে।'
On the way to Kolkata for the @IPL Player Auction. Our @KKRiders squad will be complete in just a couple of days time. All the planning & preparations behind the scenes will require some luck come auction night. Here’s hoping the cards fall our way. 💪🏻
— Brendon McCullum (@Bazmccullum) December 17, 2019
প্রসঙ্গত শেষ মরসুমে লিগের পয়েন্ট টেবিলে কেকেআর পাঁচ নম্বরে শেষ করেছিল। পারফর্ম্যান্সের বিচারে দল গত বারের আইপিএলে খুব একটা নজর কাড়তে পারেনি। সেই সঙ্গে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়েও বারেবারে প্রশ্ন উঠেছে।