
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর পিঠে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন স্পিড স্টার জসপ্রীত বুমরা। যার জন্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন মিস্ট্রি বোলার। এতে যে তাঁর মনোবলে এতটুকু চিড় ধরেনি, তা প্রমাণ করলেন বুমরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদেরই উদ্বুদ্ধ করলেন তিনি।
চোটগ্রস্ত জসপ্রীত বুমরাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠিয়েছে বিসিসিআই। এই মুহূর্তে সেখানেই আছেন তিনি। লন্ডন থেকেই নিজের ছবি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতীয় ফাস্ট বোলার। ছবির ওপরে ভক্তদের উদ্দেশে লিখেছেন, সর্বদা আকাশের দিকে মাথা তুলে তাকান। সেখানে ছড়িয়ে থাকা আলোর মধ্যে নিজেকে খুঁজে পাবেন বলে ভক্তদের বার্তাও দিয়েছেন জসপ্রীত বুমরা। আর সেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।
Always keep your head skywards and let the light find its way to you.☀️ pic.twitter.com/3NobroW48V
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) October 10, 2019
চোটগ্রস্ত জসপ্রীত বুমরার পরিবর্তে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে। ভাইজাক টেস্টে প্রথম একাদশে জায়গা না পেলেও, পুনের ম্যাচে উমেশকে দলে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে দিল্লির পেসার ভালো খেলে ফেললে বুমরার ওপর চাপ বাড়বে বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একটা অংশ। যদিও কোচ রবি শাস্ত্রী তথা ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু চোটগ্রস্ত জসপ্রীত বুমরার পাশেই আছেন। দল পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী।