
সৌরভের অধিনায়কত্ব
২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

মাশরাফির মতে
দুর্নীতিতে জর্জরিত ভারতীয় ক্রিকেটকে শুধু সোজা হয়ে দাঁড়াতে শেখানো নয়, কার্যত একক প্রচেষ্টায় তরুণ শক্তিতে ভর করে যে নতুন টিম ইন্ডিয়ার জন্ম দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তার ফল পাচ্ছে বর্তমান প্রজন্ম। তাই বিশ্বকাপ না জিতলেও যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, জাহির খানদের মতো কিংবদন্তিদের নেতা সৌরভই তাঁর চোখে বিশ্বসেরা অধিনায়ক।

পন্টিং ও ধোনি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর অস্ট্রেলিয়াকে দুই বার বিশ্বকাপ দেওয়া অধিনায়ক রিকি পন্টিং-কে সেরা নেতা বেছেছেন মাশরাফি মোর্তাজা। তালিকার তৃতীয় স্থানে ভারতকে ২০০৭-এর টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-এর বিশ্বকাপ দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে রেখেছেন বাংলাদেশের কিংবদন্তি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে গড়া যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, বীরেন্দ্র শেহওয়াগ সম্বৃদ্ধ এক শক্তিশালী ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারদের পেয়ে ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন মাহি। দেশকে ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিও তুলে দিয়েছেন এমএস। তুলনামূলক বেশিদিন দেশের অধিনায়ক থাকা ধোনি ৬০টির মধ্যে ভারতীয় দলকে ২৭টি টেস্ট ম্যাচে জয় এনে দিয়েছেন। অন্যদিকে এমএস-র নেতৃত্বে ১৯৯টি ওয়ান ডে-র মধ্যে ১১০টিতে জিতেছে ভারত। ৭২টি টি-টোয়েন্টির মধ্যে ৪১টি ম্যাচে দেশকে জয় উপহার দিয়েছেন মাহি।

সেরা বাংলাদেশি অধিনায়ক
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ তাঁকে বাংলাদেশের সেরা অধিনায়ক মনে করলেও মাশরাফি মোর্তাজার মুখে অন্য নাম শোনা গেল। ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশারকে তাঁদের দেশের সেরা নেতা বাছলেন মাশরাফি।


Click it and Unblock the Notifications



















