
নিউজিল্য়ান্ডের টেল-এন্ড
ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ভারতের থেকে ১৮৩ রানে এগিয়ে থাকে নিউজিল্যান্ডে। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্সকে সরিয়ে রাখলে, দলের টেল-এন্ডাররা শক্ত পায়ে না দাঁড়ালে কিন্তু এত রান করতে পারতেন না নিউজিল্যান্ড। অভিষেক টেস্ট ম্যাচে ৪ উইকেট নেওয়া কিউয়ি ফাস্ট বোলার কেইল জেমিয়েসন ব্যাট হাতেও সফল হন। ৪৫ বলে ৪৪ রানে ঝড়ো ইনিংস খেলেন তিনি। চার ছক্কা হাঁকান কেইল। তাঁকে যোগ্য সঙ্গত দেওয়া ট্রেন্ট বোল্টের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৮ রান।

২০১৮ থেকে শুরু
গত দুই বছরের টেস্ট পরিসংখ্যানের নিরিখে প্রতিপক্ষের টেল-এন্ডারদের আউট করতে কিন্তু ধারাবাহিকভাবে বেগ পেতে হয়েছে ভারতীয় বোলারদের। ওয়েলিংটন বাদে শেষ ১৫টি টেস্টে প্রতিপক্ষ শিবিরে ৮ থেকে ১১ নম্বর পর্যন্ত নামা ব্যাটসম্যানদের আউট করতে ভারতকে আট বার সমস্যায় পড়তে হয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

ভারতের রেকর্ড
২০১৮ সাল থেকে এখন পর্যন্ত হওয়া টেস্টের নিরিখে প্রতিপক্ষ শিবিরের শেষের দিকের ব্যাটসম্যানদের আউট করার ক্ষেত্রে নেওয়া বল সংখ্যায় ভারত, অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে রয়েছে। গত দুই বছরে প্রতিপক্ষ দলের শেষ চার জন ব্যাটসম্যানকে আউট করতে গড়ে ১০১টি বল খরচ করেছে ভারত। ৯২ বল খরচ করা ইংল্যান্ড রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা এক্ষেত্রে ৯০ বল খরচ করেছে।

কিছু উদাহরণ
২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম, লর্ডস, সাউদাম্পটন, ওভাল টেস্টে প্রতিপক্ষ দলের টেল-এন্ডারদের আউট করতে ভারতীয় বোলারদের ব্যর্থতা প্রকট হয়েছিল। একই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ও মোলবোন টেস্টেও ভারতীয় বোলরদের একই সমস্যা চোখে পড়েছিল। এমনকী ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করা সিরিজে প্রতিপক্ষ দলের টেল-এন্ডারদের আউট করতে বারবার সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় বোলারদের।

কী বললেন শাস্ত্রী
প্রতিপক্ষ দলের টেল এন্ডারদের আউট করতে যে ভারতীয় বোলারদের বেগ পেতে হচ্ছে, তা মেনে নিয়েছেন কোচ রবি শাস্ত্রী। স্বীকার করেছেন, গত এক বা দুই বছর ধরে এই সমস্যা আরও বেশি প্রকট হয়েছে। কখনও বেশি আগ্রাসী হয়ে পড়ছেন মহম্মদ শামিরা তো কখনও আবার গুটিয়ে যাচ্ছেন বলে মত রবি শাস্ত্রীর। এই সমস্যা সমাধানের জন্য তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।


Click it and Unblock the Notifications


















