পরপর দুবার, মোট চার বার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পরও তাঁর হাতেই ভারতীয় দলের দায়িত্ব অর্পণ করেছে কপিল দেব নেতৃত্বাধীন বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। তাঁর উপর এই আস্থা রাখার জন্য ওই কমিটিকে ধন্যবাদ জানালেন রবি শাস্ত্রী।
এই মুহূ্র্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার সেখান থেকেই স্কাইপি-র মাধ্যমে কপিল দেব নেতৃত্বাধীন সিএসি-র সামনে টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য ইন্টারভিউ দেন রবি শাস্ত্রী। তাঁর ওপরই আরও একবার আস্থা রাখার জন্য ওয়েস্ট ইন্ডিজ থেকেই একটি ভিডিও বার্তা পাঠান রবি। যেখানে তিনি সিএসি সদস্য কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় ও শান্তা রঙ্গস্বামীকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন। সেই ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
EXCLUSIVE: An honour & privilege to be retained as coach: @RaviShastriOfc
— BCCI (@BCCI) August 17, 2019
After being retained as Head Coach, Ravi Shastri listed out the challenges ahead & his future plans for #TeamIndia. Interview by @28anand
Watch the full video here 📹https://t.co/vmNzMtEY1W #TeamIndia pic.twitter.com/hX3bhUZC5T
ধন্যবাদ পর্ব মিটিয়ে আগামী ২৬ মাসের জন্য টিম ইন্ডিয়ার লক্ষ্য কী হবে, তার একটা রূপরেখা এঁকেছেন কোচ রবি শাস্ত্রী। জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের পারফরম্যান্স আরও বেশি ধারাবাহিক করাই তাঁর লক্ষ্য। সেই ক্ষমতা বিরাট কোহলি বাহিনীর আছে বলে বিশ্বাসও করেন কোচ রবি শাস্ত্রী। এই টিম ইন্ডিয়া আগামী দিনের জন্য ক্রিকেট বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও দাবি করেছেন শাস্ত্রী।