
স্পট ফিক্সিং
২০১৩ সালের আইপিএলের স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়ে গিয়েছিল ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এস শ্রীসন্থের। তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শ্রীসন্থকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসনে পাঠিয়েছিল বিসিসিআই। ২০১৫ সালে স্পট ফিক্সিং মামলা থেকে অব্যাহতি পেলেও ভারতীয় ফাস্ট বোলারের ওপর বোর্ডের নিষেধাজ্ঞা জারি থাকে। এর বিরুদ্ধে ২০১৮ সালে কেরল হাইকোর্টে আবেদন দাখিল করেছিলেন শ্রীসন্থ। আদালতের নির্দেশে বিশ্বজয়ী ফাস্ট বোলারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কবে মুক্ত হচ্ছেন শ্রীসন্থ
আদালতের নির্দেশে শ্রীসন্থের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করেছে বিসিসিআই। সেই হিসেবে আগামী সেপ্টেম্বরে দেশের বিশ্বজয়ী ফাস্ট বোলারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠছে। এর অর্থ, এবার চাইলে ফের ক্রিকেটে ফিরতে পারবেন শ্রী। তাই আগেভাগে রঞ্জি ট্রফি খেলতে চেয়ে কেরল ক্রিকেট সংস্থার কাছে আবেদন করেছিলেন এই ভারতীয় ফাস্ট বোলার।

কেসিএ-এর জবাব
কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে অবশেষে ইতিবাচক জবাব পেয়েছেন এস শ্রীসন্থ। আগামী মরশুমের জন্য ঘোষিত কেরলের রঞ্জি দলে তাঁকে নেওয়া হবে বলে আভাস দেওয়া হয়েছে। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই দলে ফিরতে হবে শ্রীসন্থকে। তাতেই আবেগতাড়িত হয়ে পড়েছেন এই ভারতীয় ক্রিকেটার।

কী বললেন শ্রীসন্থ
আরও একবার রঞ্জি ট্রফি খেলার সুযোগ পেলে তিনি দারুণ খুশি হবেন বলে জানিয়েছেন এস শ্রীসন্থ। আপাতত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলকে সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন ৩৭ বছরের ফাস্ট বোলার। একই সঙ্গে এই বয়সেও নিজেকে ফিট প্রমাণ করে ফের ভারতীয় দলে জায়গাও পেতে চান শ্রীসন্থ।


Click it and Unblock the Notifications



















