
মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে ১০ উইকেটে হেরেছে ভারত। টিম ইন্ডিয়ার শোচনীয় পারফরম্যান্সে হতাশ দেশের ক্রিকেট ফ্যানরা। সেই দুঃখেও কিছুটা আবেগ মেশানো স্মৃতি রোমন্থন করে নেটিজেনদের খুশি করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অজি লেজেন্ড স্টিভ ওয়া। তাঁর সাক্ষাৎ ঘটে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। পুরনো প্রতিদ্বন্দ্বিতা ভুলে দুই রথি পাশাপাশি বসে খেলা দেখেন, হাস্যমুখে কথাও বলেন। সেই ছবি বিসিসিআই সভাপতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। স্মৃতিমেদুর নেটিজেনদের আবেগমাখা মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স।
যেন ফিরে চলে যাওয়া ২০০১ সালে। ভারতে টেস্ট খেলতে এসেছিল স্টিভ ওয়া নেতৃত্বাধীন দুর্ধর্ষ অস্ট্রেলিয়া। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামেই প্রথম টেস্টে হেরেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। দ্বিতীয় টেস্ট হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচেই নাকি অজি অধিনায়ক স্টিভ ওয়া-কে টসের জন্য বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলেন মহারাজ। প্রথম ভারতীয় হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং। তা সত্ত্বেও সেই ম্যাচে ফলো-অন খেতে হয় টিম ইন্ডিয়াকে। কিন্তু ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের অতিমানবিক পারফরম্যান্স টেস্ট বাঁচানো শুধু নয়, ভারতকে ওই ম্যাচ জেতায়ও। চেন্নাই-তে পরের টেস্ট জিতে সিরিজও জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত। তাঁর সঙ্গে স্টিভ ওয়ার প্রতিদ্বন্দ্বিতার ডুয়েল চলতে থাকে এরপরেও।
View this post on InstagramCompeted with this man for a long period .. tremendous respect
A post shared by SOURAV GANGULY (@souravganguly) on
সেই স্মৃতি উস্কেই তাঁর সঙ্গে লেজেন্ড স্টিভ ওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লিখেছেন, এই মানুষের (স্টিভ) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবু তাঁকে (স্টিভ) তিনি বিপুল শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন মহারাজ।
View this post on InstagramA post shared by SOURAV GANGULY (@souravganguly) on
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই পোস্টের প্রেক্ষিতে দারুণ সব মন্তব্য করেছেন নেটিজেনরা। দুই রথিকেই লেজেন্ড বলে সম্বোধন করছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার তথা ২০০১-র ইডেন টেস্টের নায়ক হরভজন সিং।