
বিদেশেও সফল হতে হবে
বিরাট কোহলির নেতৃত্বে দেশের মাটিতে একের পর এক টেস্ট ম্যাচ জিতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সেই কৃতিত্বকে প্রাধান্য দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ২০১৮-র অস্ট্রেলিয়া সফরের পর বিদেশের মাটিতে টেস্টে টিম ইন্ডিয়া খুব একটা সুবিধা করতে না পারায় চিন্তায় রয়েছেন মহারাজ। তাঁর মতে, ভালো দল তারাই, যারা বিদেশেও সমানভাবে সফল হবে।

নিউজিল্যান্ডে ভরাডুবি
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে ওয়াশ আউট করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলেন বিরাট কোহলিরা। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ওই সিরিজে বিরাট কোহলিদের কাছ থেকে সাফল্য চান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাট-শাস্ত্রীকে তলব
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ভরাডুবির পর্যালোচনা করতে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রীকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৮ সালে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ছাড়া অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারালেও এবার লড়াই আরও কঠিন হবে বলে মনে করেন মহারাজ। তা নিয়ে বিরাট ও শাস্ত্রীর কী পরিকল্পনা, তা জানতে চান সৌরভ।

অধিনায়ক বিরাটের পরিসংখ্যান
অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত ৫৫টি টেস্টে ভারতীয় দলকে পরিচালনা করেছেন বিরাট কোহলি। ৩৩টি ম্যাচে জয় হাসিল করেছেন। যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সেরা। তবে বিদেশে ততটা আকর্ষণীয় নয় বিরাটের রেকর্ড। কারণ দেশের বাইরে কোহলির নেতৃত্বে ১৬টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। ১০টিতে হার হজম করতে হয়েছে।


Click it and Unblock the Notifications



















