
নতুন সিএসি
ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এবং সেন্ট্রাল জোনের নির্বাচক পদে নিয়োগ হতে চলেছে। তাঁদের নির্বাচন করবেন সুপ্রিম কোর্ট নির্ধারিত বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি। সম্প্রতি নতুন সিএসি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য মদনলাল, ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার সদস্য আরপি সিং ও দেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তনী সুলক্ষণা নায়েক।

ইতিমধ্যেই কাজ শুরু
ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক নিয়োগের কাজ শুরু করে দিয়েছে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। এই পদের জন্য জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিদ্বন্দ্বিতায় কারা
বিসিসিআই সূত্রে খবর, ভারতের প্রাক্তন ফাস্ট বোলার অজিত আগরকার, প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ রয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক নয়ন মোঙ্গিয়াও বিসিসিআই-র কাছে নিজের আবেদন পত্র জমা দিয়েছেন।

কী বললেন সৌরভ
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টিম ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। চলতি মাসের শেষেই এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন মহারাজ।


Click it and Unblock the Notifications



















