ফরাসি তারকা পল পোগবার পেনাল্টি মিসের খেসারত দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্র করল ওল্ড ট্রাফোর্ডের দল। খেলার ফল ১-১।
ঘরের মাঠে ইপিএলে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চেলসিকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে রেকর্ডের অধিকারি হয়েছিল ম্যান ইউ। তার রেশ রেখে উলভারহ্যাম্পটনের ঘরের মাঠ মলিনেক্স স্টেডিয়ামে শুরুটাও কিন্তু দুর্দান্তভাবেই করেন লাল জার্সিধারীরা। প্রতিপক্ষের ডি বক্সে একের পর এক সংঘটিত আক্রমণ তুলে আনতে থাকে ওলে গানারের দল। ২৭ মিনিটের মাথায় গোল করে ম্যান ইউকে এগিয়েও দেন অ্যান্টনি মার্শিয়াল।
দ্বিতীয়ার্ধে উলভারহ্যাম্পটনের খেলায় অদ্ভুত পরিবর্তন নজরে পড়ে। ম্যাচের ৫৫ মিনিটে জোয়াও মৌতিনহোর পাস থেকে গোল করে উলভকে সমতায় ফেরান রুবেন নেভেস। যদিও গোলটি নিয়ে বিস্তর বিতর্ক হয়। শেষে ভিএআর রিভিউ-র মাধ্যমে উলভারহ্যাম্পটনের পক্ষে গোলটি দেওয়া হয়।
ম্যাচের ৬৭ মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পেনাল্টি পেয়ে যায় তারা। কিন্তু ফরাসি তারকা পল পোগবার স্পট কিক ফিরিয়ে দিয়ে উলভারহ্যাম্পটনকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচান দলের গোলরক্ষক রুই পাত্রিসিও।