
ভয়াল করোনা
মারণ করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় আট লক্ষ। ভারতে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩২ জন। আক্রান্ত হয়েছেন সাড়ে বারোশোরও বেশি মানুষ। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ১৯ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দুই দেশেই লকডাউন জারি করেছে সরকার।

ঘরবন্দি ক্রিকেটাররা
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় নিজ নিজ দেশের সরকারের পাশে দাঁড়িয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কেউ বাড়িতে জিমের সরঞ্জাম স্থাপন করে শরীরচর্চা শুরু করেছেন, তো কেউ পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সহ-ক্রিকেটারদের সঙ্গে খুনসুটি করতে ব্যস্ত। সেসবের মধ্যে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছে নেট দুনিয়া।
ওয়ার্নারের কাজ
ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলা স্বাস্থ্য কর্মীদের সমর্থন ও সম্মান জানাতে নিজের মাথার চুল কাটতে দেখা যাচ্ছে ওয়ার্নারকে। অজি ওপেনারের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

বিরাট-স্মিথকে চ্যালেঞ্জ
শুধু নিজেই এই মহান উদ্যোগে সামিল হননি, সহ ক্রিকেটার তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ, অজি ফাস্ট বোলার প্যাট কমিন্স, অল-রাউন্ডার মার্কাস স্টোইনিসকেও 'সেভস হেড' চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।


Click it and Unblock the Notifications


















