পেশোয়ার জালমির ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পিএসএলের ফাইনালে খেলা হবে না তামিম ইকবালের। বাঁ হাঁটুতে চোটের জেরে পিএসএল থেকে ছিটকে গেলেন বাংলাদেশের এই ক্রিকেটার।
আসলে সময়টা মোটেই ভালো যাচ্ছে না এই বাংলাদেশীর। আইপিএল নিলামেও কোনও দল পাননি তিনি। পিএসএলে ভালোই খেলা চলছিল, তার দল ফাইনালেও উঠছিল কিন্তু সেখান থেকেও ছিটকে গেলেন তিনি।
হাঁটুর চোটের চিকিৎসার জন্য ব্যাংককে় গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে তার চোট পরীক্ষা করেছেন চিকিৎসকরা।
বিসিবি সূত্রে জানা গেছে আগামী ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এই পর্যায়ে জাতীয় দলের ম্যাচ না থাকায় বাংলাদেশ থিঙ্কট্যাঙক অবশ্য স্বস্তিতে।
তামিম ইকবালের এই হাঁটুতে আগেও চোট ছিল। সেই সময় মেলবোর্নে ডেভিড ইয়াং তার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। এবারেও সেখানেই ব্যাথা অনুভব করছেন এ ওপেনার। তবে এখনই অস্ত্রোপচারের কথা জানা না গেলেও বিশ্রাম ও রিহ্য়াবের মধ্যে থাকতে হবে বাংলাদেশের বিশ্বস্ত ওপেনারকে।