
কোন টুর্নামেন্ট স্থগিত হল
১৭ মার্চ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষ্যে আগামী ১৮ এবং ২১ মার্চ বাংলাদেশে ক্রিকেট উৎসবে আয়োজন রয়েছে। বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশ দলের দুটি প্রদর্শনী ম্যাচ রাখা হয়েছে। সেই ম্যাচে এশিয়া একাদশের অন্যতম আকর্ষণ বিরাট কোহিল। ভারত অধিনায়ক ছাড়া লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, কুলদীপ যাদব ও মহম্মদ শামিরাও দলে রয়েছেন।কিন্তু করোনা ভাইরাস বিশ্বজুড়ে যেভাবে থাবা বসিয়েছে সতর্কতার কারণে দুই প্রদর্শনী ম্য়াচই স্থগিত করা হল।

বাংলাদেশে মারণ করোনা ভাইরাসের থাবা
মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। সেই সফর ইতিমধ্যেই বাতিল হয়েছে। এবার সেদেশে দুই প্রদর্শনী ম্যাচও স্থগিত হল। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন,'বিশ্বজুড়ে করোনা ভাইরাস এখন বিপর্যয়ের আকার ধারণ করেছে। ফলে বাংলাদেশে খেলতে এসে ক্রিকেটাররা নানা রকম সমস্যয় পড়তে পারেন। সেকারণে দুই ম্যাচই স্থগিত করা হয়েছে।'

স্থগিত ম্যাচ কবে হতে পারে
সূত্রের খবর, করোনা ভাইরাসের প্রকোপ কমলে, পরিস্থিতি বুঝে এক মাস পর ইভেন্ট আয়োজন করা হতে পারে।

আইপিএল নিয়েও ধোঁয়াশা
উল্লেখ্য ২৯ মার্চ ভারতে মেগা টি-২০ টুর্নামেন্ট আইপিএল শুরু হওয়ার কথা। সেই টুর্নামেন্ট হওয়া নিয়েও এখন অনেক সংশয় রয়েছে। ইতিমধ্যেই আইপিএল খেলার বিরোধীতা করে টুর্নামেন্ট বন্ধের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছে কর্নাটক সরকার। অন্যদিকে এদিন মাদ্রাজ হাইকোর্টে আইনজীবী জি অ্যালেক্স বেনজিগার মামলা দায়ের করেন। যারপর এবার মহারাষ্ট্রে আইপিএলের টিকিট বিক্রি বন্ধ হওয়া শুরু হতে চলেছে বলে খবর।


Click it and Unblock the Notifications



















