জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসেসিয়েশন বা জেকেসিএ-র আর্থিক তছরুপ কাণ্ডে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহকে জেরা করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। প্রবীণ এই নেতার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে কেন্দ্রের এই গোয়েন্দা সংস্থা।
একই কাণ্ডে আগে মামলা দায়ের করেছিল সিবিআই। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারকে মূল অভিযুক্ত দেখিয়ে শ্রীনগর আদালতে চার্জশিটও দাখিল করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাতে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর নামও উল্লেখ করা হয়েছিল।
সেই মামলার তদন্তেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে বুধবার চণ্ডীগড়ে ঢেকে জেরা করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। প্রাথমিক ভাবে জানা গেছে, জম্মু-কাশ্মীর ক্রিকেটের উন্নতিকল্পে জেকেসিএ-কে ১১২ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই। তার মধ্যে ৪৩.৬৯ কোটি টাকা অনৈতিক ভাবে খরচ করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের এক সিনিয়র এগজিকিউটিভও যুক্ত বলে গোয়েন্দাদের দাবি।