অকল্যান্ডে তৈরি হল নতুন রেকর্ড। ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের ক্রিকেটাররা মিলিয়ে মোট ৫ জন হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক রেকর্ড। কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে এই প্রথমবার দুই দল থেকে পাঁচ জনের হাফসেঞ্চুরি এল। ম্যাচে ২০৪ রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতে ৬ উইকেটে ভারত ম্যাচ জেতে। ফলে পাঁচ ম্যাচের টি-২০ মহারণে ১-০ এগিয়ে গেল কোহলিরা। রবিবার অকল্যান্ডে দ্বিতীয় টি-২০ ম্যাচে কিউয়িদের মুখোমুখি হবে ভারত।
একনজরে ম্যাচে কারা হাফসেঞ্চুরি করলেন
১) কলিন মুনরো (নিউজিল্যান্ড)- ৫৯ রান হাঁকান
২) কেন উইলিয়ামসন(নিউজিল্যান্ড)-৫১ রান করেন
৩) রস টেলার- (নিউজিল্যান্ড) ৫৪* রান হাঁকিয়ে দলকে ২০৩ রানে পৌঁছে দিয়েছিলেন
৪) লোকেশ রাহুল- (ভারত)- ৫৬ রান হাঁকান
৫) শ্রেয়স আইয়ার (ভারত)- ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
ম্যাচে ভারতীয় দল ভয়ডরহীন ব্যাটিং করে। ২০৪ রানের কঠিন লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনার রোহিত অল্প রানে সাজঘরে ফিরলে লোকেশ রাহুল ইনিংসের হাল ধরেন। ২৭ বলে ৫৬ রানে ধুঁয়াধার ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন।
দ্বিতীয় উইকেটে বিরাট-রাহুলের জুটিতে ৯৯ রান ওঠে। সেঞ্চুরি ছুঁইছুই এই পার্টনারশিপই ম্যাচের রঙ পাল্টে দেয়। বিরাট ৪৫ করে আউট হন। অরপর চার নম্বরে নেমে ২৯ বলে ৫৮ রান হাঁকিয়ে শ্রেয়স আইয়ার ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মনীশ ও দুবেও আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন।