
ভিভোর সঙ্গে সম্পর্ক
গত ১৫ জুন লাদাখ সীমান্তে চিনা সেনার হাতে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এরপরেই আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভোর সম্পর্ক ছেদের পক্ষে সওয়াল করে গোটা দেশ। এই ইস্যুতে বিসিসিআইয়ের ওপর চাপ বাড়ে। চিনা স্পনসরারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে বলে প্রাথমিক ভাবে জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও জানিয়েছিল বিসিসিআই। কিন্তু রবিবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ফের পুরনো অবস্থানেই ফিরেছে আইপিএল কমিটি। জানিয়েছে, অন্তত এই মরশুমের জন্য টুর্নামেন্টের টাইটেল স্পনসর থাকবে ওই চিনা সংস্থা।

কেন এমন সিদ্ধান্ত
করোনা ভাইরাসের আবহে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে হচ্ছে আইপিএল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে ইভেন্টের প্রস্তুতি। এই অল্প সময়ের জন্য আইপিএলের জন্য নতুন স্পনসরার খুঁজে বের করা কার্যত অসম্ভব বলে মনে করছেন ব্রিজেশ প্যাটেলরা। তাই চিনা সংস্থা ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক অটুঁট থাকছে বলা যেতে পারে।

ইনভেস্টারদের তালিকা
চিনা সংস্থা ভিভোর সঙ্গে পে-টিমও চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে কাজ করবে। এছাড়াও বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে আলিবাবা (আম্পায়ার পার্টনার), ড্রিম ইলেভেন (অনলাইন ফ্যান্টাসি লিগ পার্টনার), সুইগি (অ্যাসোসিয়েট স্পনসর)।

কবে শুরু আইপিএল
রবিবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ৫৩ দিনের টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে।


Click it and Unblock the Notifications


















