
করোনা ও লকডাউন
বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে। সবমিলিয়ে বিশ্বব্যাপী প্রায় ৯৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২২৮ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

স্থগিত আইপিএল
২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। ১৪ এপ্রিল ওঠার কথা কেন্দ্র আরোপিত প্রথম পর্যারের লকডাউন। ঘরবন্দির সময়সীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে ১৫ এপ্রিল যে টুর্নামেন্ট শুরু করা যাবে না, তা নিশ্চিত।

কী বললেন শুক্লা
১৫ এপ্রিল থেকে কী আদৌ শুরু করা সম্ভব আইপিএল, এই প্রশ্নের প্রেক্ষিতে নতুন প্রশ্নই খাড়া করেছেন টুর্নামেন্টের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুল্কা। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা মোটেই সম্ভব নয়। প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ালে তো কোনও কথাই নেই। তাছাড়া এই মুহূর্তে ক্রিকেটের থেকেও মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজীব শুক্লা।

কত টাকা ক্ষতি
২০২০ আইপিএল না হলে আনুমানিক ৩৮০০ কোটিরও বেশি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআই ও টুর্নামেন্টের স্টেক হোল্ডারদের। সরাসরি ক্ষতি হতে পারে ৩২৬৯ কোটি টাকা। ইতিমধ্যেই ভিভো-কে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরশিপ দিয়েছে বিসিসিআই। চলতি বছর টুর্নামেন্ট না হলে সেখানেও ৪০০ কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আবার সেন্ট্রাল স্পনসরশিপ থেকে ২০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন সংস্থা।


Click it and Unblock the Notifications


















