
কী বলেছে আমিরশাহী ক্রিকেট বোর্ড
আমিরশাহী ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জেনারেল মুবাশশির উসমানি জানিয়েছেন, আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআইয়ের তরফে লিখিত অনুমতি তাঁরা পেয়ে গিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের 'লেটার অফ ইন্টেন্ট' বা অভিপ্রায় পত্র তাঁদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন উসমানি।

কীসের অপেক্ষা
করোনা ভাইরাসের আবহে আইপিএল ভারতের বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়েছে বিসিসিআই। সেখান থেকে সবুজ সংকেত পেলে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজনের ক্ষেত্রে আর কোনও বাধা থাকবেই না। সেই সরকারি সিলমোহরের অপেক্ষায় তাঁরা রয়েছেন বলে জানিয়েছেন আমিরশাহী ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জেনারেল মুবাশশির উসমানি। যদিও ইতিমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ড হাত ধরে আইপিএল আয়োজনের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছেন উসমানি।

বিসিসিআইয়ের চিঠি
করোনা ভাইরাসের আবহে আইপিএল যে আরব আমিরশাহীতেই হবে, তা আগেই জানিয়েছিলেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। এবার তিনি জানালেন যে আমিরশাহী ক্রিকেট বোর্ডকে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআইয়ের তরফে স্বীকৃতি পত্র দেওয়া হয়েছে। খুব শীঘ্র এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্যাটেল।

আমিরশাহীতে আগেও আইপিএল
২০১৪ সালের আইপিএলের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। সবকটি ম্যাচই সফল ভাবে আয়োজন করেছিল আমিরশাহী ক্রিকেট বোর্ড বা ইসিবি। সে কথা মাথায় রেখেই আরবকে এতবড় দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান।

আইপিএলের সূচি
গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই আইপিএলের আংশিক সূচি কার্যত ঘোষণা করে দিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে বলে জানিয়েছেন প্যাটেল। বলেছেন, প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০টি ম্যাচ খেলা হবে আইপিএলে। চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের ঘোষণা অনুযায়ী মোট ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। তাতে ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়ানো হবে না বলেই জানানো হয়েছে।


Click it and Unblock the Notifications
প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

















