গত অগাস্টে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ নির্বাচিত হয়েছেন ওই দলেরই প্রাক্তন অধিনায়ক তথা নিউজিল্যান্ড ক্রিকেটের লেজেন্ড ব্রেন্ডন ম্যাকুলাম। ভিতরকার খবর, এ পদে বসার জন্য ক্লাব মালিক তথা বলিউড তারকা শাহরুখ খানের পূর্ণ সমর্থন পেয়েছিলেন ব্রেন্ডন। একই ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে কেকেআর-র অধিনায়কত্ব পাওয়ার সময় 'বাদশা' খানকে পাশে পেয়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তনী।
তাই শাহরুখ খানের প্রতি আনুগত্য প্রকাশে কোনও কার্পণ্য করলেন না ক্রিকেট লেজেন্ড ব্রেন্ডন ম্যাকুলাম। বলিউড তারকা তথা কেকেআর-র মালিকের জন্মদিন ভুলে গিয়েও তাঁকে 'বিলেটেড' শুভেচ্ছা জানিয়েছেন দলের হেড কোচ। শাহরুখকে 'বস' বলে সম্বোধন করেছেন ব্রেন্ডন। প্রতিক্ষেত্রে তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য বলিউড বাদশাকে ধন্যবাদও জানিয়েছেন কিউই লেজেন্ড। শাহরুখকে মজাদার, মহান, বিশ্বস্ত ও অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন ম্যাকুলাম।
A belated Happy Bday wish to the Boss @iamsrk. 🙏🏼 Fun, kind, loyal and inspiring! Hope you have a great day and thanks for believing in me always. 😊
— Brendon McCullum (@Bazmccullum) November 3, 2019
পাল্টা টুইট বার্তায় ব্রেন্ডন ম্যাকুলামকে নিজস্ব স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান। নিজের সুপারহিট সিনেমা বাজিগারের সূত্র টেনে কিউই লেজেন্ডকে 'ব্যাজ'ইগর বলে সম্বোধন করেছেন বলিউড বাদশা। উল্লেখ্য, ব্রেন্ডন ম্যাকুলামকে 'ব্যাজ' বলে ডাকেন তাঁর সতীর্থরা। তা জানেন শাহরুখ।
Thank u ‘Baz’igar!! (You might have to look that one up) https://t.co/FqIq4akIyr
— Shah Rukh Khan (@iamsrk) November 3, 2019
খেলোয়াড় হিসেবে নিজের আইপিএল কেরিয়ারের পাঁচটা বছর শাহরুখ খানের দলে কাটিয়েছেন ব্রেন্ডন ম্যাকুলাম। রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের প্রথম এডিশনের প্রথম ম্যাচে ১৫৮ রানের যে বিধ্বংসী ইনিংস তিনি খেলেছিলেন, তা এখনও টি-টোয়েন্টি ক্রিকেটের সম্পদ। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন ব্রেন্ডন।
নিজের কেরিয়ারে ব্যাটসম্যান হিসেবে সর্বদা বিধ্বংসী মেজাজে থাকা ব্রেন্ডন ম্যাকুলাম গত অগাস্টে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। তার আগে গ্লোবাল কানাডা টি-টোয়েন্টিতেও চুটিয়ে খেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। খেলোয়াড়ী জীবন শেষ হতেই সরাসরি কোচিংয়ে ঢুকে পড়েন ব্রেন্ডন। কেকেআরের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সকে কোচিং করান ম্যাকুলাম।